গাজীপুরে বাসচাপায় শ্রমিক নিহত, বাসে আগুন

জেলা প্রতিনিধিঃ গাজীপুর সিটি করপোরেশনের ভোগড়া এলাকায় বাসচাপায় এক পোশাক শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনাকে কেন্দ্র করে একটি বাসে অগ্নিসংযোগসহ বেশ কিছু যানবাহন ভাঙচুর করেছে বিক্ষুব্ধ জনতা।

রোববার (২৫ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে ভোগড়া চৌধুরী বাড়ী এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম খাইরুল ইসলাম (২৩)। তিনি ভোগড়া চৌধুরীবাড়ী এলাকার রুয়া ফ্যাশন লিমিটেড কারখানার শ্রমিক ছিলেন।

বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম কাওসার আহমেদ চৌধুরী বলেন, ঢাকাগামী একটি বাস খাইরুল ইসলাম নামে এক পোশাক শ্রমিককে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। বিক্ষুব্ধ জনতা একটি বাসে আগুন ধরিয়ে দেয় ও বেশ কিছু যানবাহন ভাঙচুর করে। এসময় ওই সড়কে সকল যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
পুড়ে যাওয়া বাসটি মহাসড়ক থেকে সরিয়ে নিলে এক ঘণ্টা পর যানবাহন চলাচল স্বাভাবিক হয়।

জয়দেবপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. জাকারিয়া খান বাংলানিউজকে বলেন, ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে বাসের আগুন নেভায়।