নিজস্ব প্রতিবেদক, গাজীপুর : গাজীপুরে স্ত্রীকে হত্যার দায়ে শরবেশ আলী (৩৬) নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।
সোমবার সকালে গাজীপুর জেলা ও দায়রা জজ এ.কে.এম এনামুল হক এই আদেশ দেন। রায়ে আসামিকে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো এক মাসের কারাদণ্ড দেওয়া হয়। শরবেশ আলী টাঙ্গাইলের বাগবাড়ি এলাকার কাসেম আলীর ছেলে।
আদালত সূত্র জানায়, শরবেশ আলী স্ত্রী শাহিদা বেগম (৩০) ও দুই সন্তানকে নিয়ে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার নূরবাগ এলাকায় ভাড়া থাকতেন। শাহিদা স্থানীয় একটি পোশাক কারখানায় চাকরি করতেন। সংসার খরচ নিয়ে প্রায়ই তাদের মধ্যে ঝগড়া হতো। ২০১৪ সালের ২ এপ্রিল রাতে শরবেশ আলী তার স্ত্রী শাহিদার কাছে টাকা চান। টাকা দিতে অস্বীকার করলে শরবেশ আলী স্ত্রীকে ওড়না পেচিয়ে এবং বালিশ চাপা দিয়ে শ্বাসরোধে হত্যা করে পালিয়ে যান।
এ ঘটনায় নিহতের মামা ফরহাদ হোসেন বাদী হয়ে শরবেশ আলীকে আসামি করে মামলা দায়ের করেন। পরে শরবেশ আলীকে গ্রেপ্তার করে পুলিশ। মামলার তদন্ত কর্মকর্তা এসআই আজহারুল ইসলাম শরবেশ আলীকে অভিযুক্ত করে ওই বছরের ৭ জুলাই গাজীপুর আদালতে চার্জশিট দাখিল করেন। শুনানি শেষে সোমবার আদালত এ রায় ঘোষণা করেন।


