নিজস্ব প্রতিবেদক : নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন চলাকালে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ও বিভ্রান্তিমূলক তথ্য ছড়িয়ে উসকানি দেওয়ার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে সাইবার নিরাপত্তা ও অপরাধ দমন বিভাগ। রোববার দিবাগত রাতে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন-মাহবুবুর রহমান আরমান (৩০), আলমগীর হোসেইন (২৭) ও সাইদুল ইসলাম (৩১)। তাদের কাছ থেকে মোবাইল ফোন, ল্যাপটপ, মেমরিকার্ডসহ ফেসবুক আইডির পাসওয়ার্ড ও গ্রুপসমূহ জব্দ করা হয়েছে। পুলিশের সাইবার ক্রাইম ইউনিটের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) নাজমুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন। নাজমুল ইসলাম জানান, গ্রেপ্তার তিনজন বিভিন্ন সময় ফেসবুক লাইভ ও পোস্টসহ নানা কন্টেন্ট শেয়ার করে আন্দোলনকে সহিংস করতে ভূমিকা রেখেছেন বলে তদন্তে জানা গেছে। রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করলে আসল উদ্দেশ্য জানা যাবে। তিনজনকে রমনা থানার সাইবার আইনে দায়ের করা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। শিক্ষার্থীদের আন্দোলনে গুজব ও বিভ্রান্তিমূলক তথ্য ছড়িয়ে ধ্বংসাত্মক কার্যক্রমের উসকানিদাতা হিসেবে ২৮টি ফেসবুক ও টুইটার আইডি শনাক্ত করেছে পুলিশের সাইবার ক্রাইম বিভাগ। তাদের বিরুদ্ধে গত ২ আগস্ট রাজধানীর রমনা থানায় একটি মামলা দায়ের করেছে পুলিশের সাইবার ক্রাইম বিভাগ।


