নিউজ ডেস্ক : .গুলশানের হলি আর্টিজান রেস্তোরাঁয় জঙ্গি হামলার এক বছর পূর্ণ হলো আজ।
গত বছরের ১ জুলাই রাতে ওই রেস্তোরাঁয় সশস্ত্র হামলা চালায় পাঁচ জঙ্গি। হামলায় ১৭ বিদেশিসহ ২২ জনকে হত্যা করে জঙ্গিরা; যার মধ্যে বাংলাদেশ পুলিশের দুই কর্মকর্তাও ছিলেন। অন্যদের মধ্যে ছিলেন ইতালির নয়জন, জাপানের সাতজন ও একজন ভারতীয় নাগরিক। বাকিরা ছিলেন বাংলাদেশি।
এই হামলার পর থেকে ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট দেশের বিভিন্ন জায়গায় জঙ্গি আস্তানায় অভিযান চালায়। এতে গুলশান হামলার মূল পরিকল্পনাকারী, জঙ্গিদের প্রশিক্ষক, অস্ত্র গোলাবারুদ সরবরাহকারীসহ বেশ কয়েকজন শীর্ষ জঙ্গি নিহত হন। আইনশঙ্খলা রক্ষাকারী বাহিনীর বেশ কয়েকটি অভিযানে জঙ্গিদের শীর্ষ কয়েকজন নেতাও গ্রেপ্তার হন। তাদের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে জঙ্গিদের সাংগঠনিক কার্যক্রম দুর্বল করার চেষ্টা চালায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
এক বছরেও কাটেনি গুলশানের আতঙ্ক : হলি আর্টিজান রেস্তোরাঁয় হামলার ঘটনার পর ওই এলাকায় যে আতঙ্ক সৃষ্ট হয়েছিল তার রেশ এক বছর পরও কাটেনি। গুলশানের বেশ কয়েকজন বাসিন্দা বলছেন তারা এখনো রাতে বের হতে ভয় পান। বিশেষ করে কুটনৈতিক এলাকা হিসেবে পরিচিত এ এলাকায় সব সময় বাড়তি নিরাপত্তা থাকে। তার ওপর হামলার পর নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা।
হলি আর্টিজানের পাশেই থাকেন বিদেশি উন্নয়ন সংস্থায় কর্মরত কাইয়ুম সিদ্দিকী। তিনি বলেন, এমনিতেই বাড়তি সিকিউরিটি থাকত। হামলার পর এটি আরো বেড়েছে। মনে হয় যুদ্ধ যুদ্ধ একটা সাজ।
তিনি বলেন, ‘ওই দিনের হামলার সময় আমি দেশের বাইরে ছিলাম। বিভিন্ন মিডিয়ায় এ খবর দেখেছিলাম। দেশে এসে আর্টিজান দেখে মনটা আঁতকে উঠল। এক রাতের মধ্যে এত বড় ঘটনা ঘটে গেল।’
গুলশানের যে সড়কে হলি আর্টিজান ছিল সেই সড়কের একটি বাড়ির তত্ত্বাবধায়ক সাইদুর রহমান। তিনি জানান, হামলার পর অনেকে এই সড়কের বাসা পরিবর্তন করে অন্যত্র চলে গেছেন। এখন নতুন ভাড়াটিয়াও আসতে চায় না।
সাইদুর রহমান বলেন, ‘অনেকে চলে গেছেন। অনেক বিল্ডিংয়ের তিন ভাগের দুই ভাগ খালি পড়ে আছে। কেউ কেউ বাসার ভাড়া কমিয়েছেন। তারপরও কেউ আসছেন না।’
মামলার তদন্ত চলছে : হলি আর্টিজান হামলার ঘটনায় যে মামলা করা হয়েছিল তার তদন্ত এখনো চলছে। তদন্ত প্রতিবেদন চেয়ে আদালত তদন্ত সংস্থা কাউন্টার টেররিজমকে বার বার সময় দিলেও এখনো তা দেওয়া হয়নি। কারণ হিসেবে কাউন্টার টেররিজমের প্রধান মনিরুল ইসলাম বলেন, ওই হামলার পর থেকে আমরা অনেকগুলো জঙ্গি আস্তানায় অভিযান চালিয়েছি। সেখানে এই হামলা সম্পর্কিত বিভিন্ন তথ্য পাওয়া যাচ্ছে। সেগুলো পর্যালোচনা করতে সময় লাগছে। এ ছাড়া এখনো ওই হামলায় সংশ্লিষ্ট আরো পাঁচজনকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। আশা করা যাচ্ছে খুব দ্রুত আদালতে তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হবে।
এদিকে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সম্প্রতি সচিবালয়ে সাংবাদিকদের বলেছেন, শিগগিরই গুলশান হামলার নির্ভুল তদন্ত প্রতিবেদন আদালতে জমা দেওয়া হবে।
বছর জুড়ে জঙ্গিবিরোধী অভিযান : গুলশান হামলার পরপরই জঙ্গি নির্মূলে দেশের বিভিন্ন স্থানে অভিযান চালায় কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট। সাত দিন পর পর ঈদের দিন শোলাকিয়া ঈদগাহের খুব কাছে জঙ্গিরা হামলার চেষ্টা চালায়। পুলিশের তৎপরতায় সেখানে এক হামলাকারী নিহত হন। আটক করা হয় তিনজনকে। সেদিন পুলিশের দুই সদস্যও নিহত হন। এর পর দেশজুড়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বহিনীর ২০টি অভিযানে অন্তত ৭৪ জন জঙ্গি নিহত হয়।
শ্রদ্ধা জানাতে চার ঘণ্টা উন্মুক্ত হলি আর্টিজান:
নিহতদের স্মরণে শ্রদ্ধা জানাতে হামলার স্থান পুরাতন হলি আর্টিজান চার ঘণ্টা উন্মুক্ত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু বকর সিদ্দিক জানিয়েছেন, বাড়ির মালিকের সঙ্গে কথা হয়েছে। বাড়িটিতে পূর্ণাঙ্গ নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে।
এদিকে ডিএমপি সূত্র জানিয়েছে, নিহতদের স্মরণে সকাল ৭টায় জাপান দূতাবাস, সকাল ১০টায় ডিএমপি ও সকাল ১১টায় ইতালির দূতাবাস ফুল দিয়ে শ্রদ্ধা জানাবে। তবে এ শিডিউল পরির্তন হতে পারে।


