গুলশানে জঙ্গি হামলার মামলা বদলির আদেশ

নিজস্ব প্রতিবেদক : গুলশানের হলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলার ঘটনায় ১৭ বিদেশিসহ ২২ জন নিহত হওয়ার ঘটনায় দায়ের করা মামলাটি বিচারের জন্য প্রস্তুত হওয়ায় বদলির আদেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার ঢাকার মুখ্য মহানগর হাকিম (সিএমএম) সাইফুজ্জামান হিরো ঢাকা মহানগর দায়রা জজ আদালতে মামলাটি বদলির আদেশ দেন। সেখানে এ মামলার বিচারকাজ চলবে। এর আগে ঢাকা মহানগর হাকিম নুরুন্নাহার ইয়াসমিন অভিযোগপত্রটি দেখেছেন। এরপর তিনি মামলাটি বদলির জন্য সিএমএম এর কাছে উপস্থাপনের আদেশ দেন। সংশ্লিষ্ট থানার আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা রাকিবুল ইসলাম এ তথ্য জানান। গত ২৩ জুলাই মামলার তদন্ত কর্মকর্তা কাউন্টার টেররিজম বিভাগের পরিদর্শক হুমায়ুন কবির ২১ জনের বিরুদ্ধে এ মামলায় অভিযোগপত্র দাখিল করেন। এতে নর্থ সাউথ ইউনিভার্সিটির প্রাক্তন শিক্ষক হাসনাত রেজা করিমের বিরুদ্ধে ওই ঘটনায় জড়িত থাকার বিষয়ে তথ্য-প্রমাণ না পাওয়ায় তাকে অব্যাহতি প্রদানের আবেদন করা হয়েছে। এ ছাড়া অভিযোগভুক্ত ২১ জনের মধ্যে ১৩ জন মারা যাওয়ায় তাদেরও অব্যাহতির আবেদন করা হয়েছে। সে হিসেবে আটজনের বিচার আদালতে অনুষ্ঠিত হবে। নিহত ১৩ জনের মধ্যে আটজন বিভিন্ন অভিযানের সময় এবং পাঁচজন ঘটনাস্থলে নিহত হন। অভিযোগভুক্ত জীবিত আটজন হলেন-হামলার মূল সমন্বয়ক বাংলাদেশি বংশোদ্ভূত কানাডার নাগরিক তামিম চৌধুরীর সহযোগী আসলাম হোসেন ওরফে রাশেদ ওরফে আবু জাররা ওরফে র‌্যাশ, ঘটনায় অস্ত্র ও বিস্ফোরক সরবরাহকারী নব্য জেএমবি নেতা হাদিসুর রহমান সাগর, নব্য জেএমবির অস্ত্র ও বিস্ফোরক শাখার প্রধান মিজানুর রহমান ওরফে বড় মিজান, জঙ্গি রাকিবুল হাসান রিগ্যান, জাহাঙ্গীর আলম ওরফে রাজীব ওরফে রাজীব গান্ধী, হামলার অন্যতম পরিকল্পনাকারী আব্দুস সবুর খান (হাসান) ওরফে সোহেল মাহফুজ, শরিফুল ইসলাম ও মামুনুর রশিদ। আসামিদের মধ্যে শরিফুল ইসলাম ও মামুনুর রশিদ পলাতক এবং অপর ছয় আসামি কারাগারে রয়েছেন। পলাতকদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করা হয়েছে। ঘটনাস্থলে নিহত পাঁচজন হলেন-রোহান ইবনে ইমতিয়াজ, মীর সামেহ মোবাশ্বের, নিবরাস ইসলাম, শফিকুল ইসলাম ওরফে উজ্জ্বল ও খায়রুল ইসলাম ওরফে পায়েল। বিভিন্ন জঙ্গি আস্তানায় অভিযানের সময় নিহত আটজন হলেন-তামিম চৌধুরী, নুরুল ইসলাম মারজান, তানভীর কাদেরী, মেজর (অব.) জাহিদুল ইসলাম ওরফে মুরাদ, রায়হান কবির তারেক, সারোয়ান জাহান মানিক, বাশারুজ্জামান ওরফে চকলেট ও মিজানুর রহমান ওরফে ছোট মিজান। প্রসঙ্গত, ২০১৬ সালের ১ জুলাই রাতে হলি আর্টিজান বেকারিতে হামলা চালিয়ে ১৭ বিদেশিসহ ২০ জনকে হত্যা করে জঙ্গিরা। তাদের ঠেকাতে গিয়ে দুই পুলিশ কর্মকর্তাও নিহত হন। রাতভর উৎকণ্ঠার পর ২ জুলাই সকালে সেনাবাহিনীর কমান্ডো অভিযানের মধ্য দিয়ে সংকটের অবসান ঘটে।