নিজস্ব প্রতিবেদক : রাজধানীর গুলশানের হলি আর্টিজান রেস্তোরাঁয় জঙ্গি হামলা মামলার তদন্ত কর্মকর্তাকে মালয়েশিয়া যাওয়ার অনুমতি দিয়েছেন আদালত।
মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের (সিটিটিসি) পরিদর্শক মো. হুমায়ন কবির তদন্তের স্বার্থে মালয়েশিয়ায় যাওয়ার প্রয়োজনীয়তা উল্লেখ করে রোববার সেখানে যাওয়ার অনুমতি চেয়ে আদালতে আবেদন করেন। সোমবার ওই আবেদন মঞ্জুর করেন ঢাকা মহানগর হাকিম নুরুন্নাহার ইয়াসমিন।
আদালত তার আদেশে ‘মালয়েশিয়ার তদন্ত সংস্থার প্রতি মামলার তদন্তকারী কর্মকর্তাকে প্রয়োজনীয় সার্বিক সহযোগিতা করার’ জন্য অনুরোধ করেছেন। আদালত সূত্র বৃহস্পতিবার এ তথ্য নিশ্চিত করেছে।
গত বছর ১ জুলাই রাত পৌনে ৯টার দিকে কূটনৈতিক এলাকা গুলশানের হলি আর্টিজান রেস্তোরাঁয় অস্ত্রধারী সন্ত্রাসীরা হামলা করে এবং দেশি-বিদেশি নাগরিকদের জিম্মি করে। এ সময় অভিযান চালাতে গিয়ে জঙ্গিদের গ্রেনেড হামলায় গোয়েন্দা পুলিশের (ডিবি) সহকারী কমিশনার রবিউল ইসলাম ও বনানী থানার অফিসার ইনচার্জ (ওসি) সালাউদ্দিন খান নিহত হন। রাতের বিভিন্ন সময় তিন বাংলাদেশিসহ ২০ জন জিম্মিকে ধারালো অস্ত্র দিয়ে হত্যা করে জঙ্গিরা।
পরদিন সকালে যৌথবাহিনী কমান্ডো অভিযান চালায়। এতে ছয় হামলাকারী নিহত হয়। জীবিত উদ্ধার করা হয় ১৩ জিম্মিকে।
ওই ঘটনায় দুই পুলিশ কর্মকর্তা, জাপানি, ইতালি, বাংলাদেশি বংশোদ্ভূত আমেরিকানসহ ১৮ বিদেশি, দুই বাংলাদেশি ও জঙ্গিসহ ২৮ জন নিহত হয়।
গত বছরের ৪ জুলাই নিহত পাঁচ জঙ্গিসহ অজ্ঞাতদের আসামি করে গুলশান থানায় সন্ত্রাস দমন আইনে মামলা দায়ের করা হয়। মামলাটি তদন্ত করছে পুলিশের ঢাকা মহানগর কাউন্টার টেররিজম ইউনিট। এ মামলায় গ্রেপ্তার হয়ে এখন পর্যন্ত নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক হাসনাত করিম, রাকিবুল হাসান রিগ্যান, রাজীব গান্ধী, হাতকাটা সোহেল মাহফুজ কারাগারে এবং রাশেদ ইসলাম ওরফে আবু জাররা ওরফে র্যাশ রিমান্ডে রয়েছেন।


