গুলশান হামলা মামলার নথি সন্ত্রাসবিরোধী ট্রাইব্যুনালে পাঠানো হয়েছে

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর গুলশানে হলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলার ঘটনায় দায়ের করা মামলার নথি বিচারিক আদালত সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনালে পাঠানো হয়েছে। রোববার নথিটি ঢাকা সিএমএম আদালত থেকে ট্রাইব্যুনালে পৌঁছে। ট্রাইব্যুনাল সূত্র জানায়, সোমবার মামলায় কারাগারে থাকা আসামিদের ট্রাইব্যুনালে উপস্থিতি এবং চার্জশিট আমলে গ্রহণের দিন ঠিক করবেন বিচারক মো. মজিবুর রহমান। গত ২৩ জুলাই মামলার তদন্তকারী কর্মকর্তা কাউন্টার টেররিজম বিভাগের পরিদর্শক হুমায়ূন কবির মামলাটিতে সিএমএম আদালতে চার্জশিট দাখিল করেন। এরপর গত ২৬ জুলাই সিএএম আদালত মামলাটি ট্রাইব্যুনালে বদলির আদেশ দেন। চার্জশিটে নর্থ সাউথ ইউনিভার্সিটির সাবেক শিক্ষক হাসনাত রেজা করিমের বিরুদ্ধে ঘটনায় জড়িত থাকার বিষয়ে তথ্য-প্রমাণ না পাওয়ায় তাকে অব্যাহতি প্রদানের আবেদন করা হয়েছে। এছাড়া চার্জশিটভুক্ত ২১ জনের মধ্যে ১৩ জন মৃত্যুবরণ করায় তাদেরও অব্যাহতির আবেদন করা হয়েছে। সে হিসেবে ৮ জনের বিচারই আদালতে অনুষ্ঠিত হবে। নিহত ১৩ জনের মধ্যে ৮ জন বিভিন্ন অভিযানের সময় এবং ৫ জন ঘটনাস্থলে নিহত হয়। প্রসঙ্গত, ২০১৬ সালের ১ জুলাই রাতে হলি আর্টিজান বেকারিতে হামলা চালিয়ে ১৭ বিদেশিসহ ২০ জনকে হত্যা করে জঙ্গিরা। তাদের ঠেকাতে গিয়ে দুই পুলিশ কর্মকর্তাও নিহত হন। রাতভর উৎকণ্ঠার পর ২ জুলাই সকালে সেনাবাহিনীর কমান্ডো অভিযানের মধ্য দিয়ে সংকটের অবসান ঘটে।