নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম : মিয়ানমারে সেনা অভিযানে গুলিবিদ্ধ আরো চার রোহিঙ্গা নাগরিক চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে (চমেক) ভর্তি হয়েছে।
বুধবার সকালে কক্সবাজার থেকে স্বজনরা গুলিবিদ্ধ চারজনকে চমেকে নিয়ে আসেন। এর আগে মঙ্গলবারও চার রোহিঙ্গাকে চমেকে ভর্তি করা হয়। বুধবার ভর্তি হওয়া গুলিবিদ্ধ রোহিঙ্গা নাগরিকরা হলেন- শফি, হাসিনা, জাফর আলম এবং ওসামা।
চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন জানান, সকালে মিয়ানমারের চার রোহিঙ্গা নাগরিককে চমেকে আনা হয়েছে। কক্সবাজার হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য তাদের চমেকে স্থানান্তর করা হয়। গত এক সপ্তাহে মিয়ানমারে গুলিবিদ্ধ ও অগ্নিদগ্ধ ২৫ জনের বেশি রোহিঙ্গা নাগরিককে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।


