গৃহবধূর লাশ উদ্ধার, শ্বশুর-শাশুড়ি আটক

ফেনীতে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। বিয়ের পর এক বছরও পার করতে পারলেন না মাহমুদা আক্তার শিরিন। তার আগেই লাশ হয়ে ফিরলেন বাবার বাড়ি। শ্বশুরবাড়ির পক্ষ থেকে আত্মহত্যা বলা হলেও কোন আলামত পায়নি পুলিশ। স্বজনদের অভিযোগ, পারিবারিক কলহের জেরে প্রায়ই নির্যাতন করা হতো শিরিনকে। ঘটনার পর থেকে জিঙ্গাসাবাদের জন্য রাতেই শিরিনের শ্বশুর ও শাশুড়িকে আটক করেছে এবং স্বামী শাহজালাল শাহীন ও ননদ খোদেজা বেগম পলাতক রয়েছে বলে জানিয়েছেন ফেনী শহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক সুদীপ রায়।

ফেনী শহরের রামপুরে স্বামীর ঘর থেকে মাহমুদা আক্তার শিরিন (২৩) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে রামপুরের তনু পাটোয়ারী বাড়ী থেকে লাশটি উদ্ধার করে পুলিশ। গৃহবধূ মাহমুদা আক্তার শিরিন রামপুর পাটোয়ারী বাড়ির শাহজালাল শাহীনের স্ত্রী ও দাগনভূঞার রাজাপুর ইউনিয়নের পশ্চিম রামচন্দ্রপুরের ছলু ভূঁঞা বাড়ির অহিদুর রহমানের মেঝো মেয়ে।

মাহমুদা আক্তার শিরিনের বাবার পরিবার দাবি করেছে, শ্বশুর বাড়ির স্বজনরা তাদের মেয়েকে হত্যা করেছে। শিরিনের মা বলেন, আমাকে সে সকালে ম্যাসেজ দিয়েছে। লিখেছে, আম্মু আমি আর শয়তানের ঘর করব না। আমাকে খুব অত্যাচার করছে। ওর শরীরে আঘাত করা হয়েছে। আমরা এর বিচার চাই।

শিরিনের বড় বোন সুলতানা জানান, চলতি বছরের ৭ই ফেব্রুয়ারি রামপুর পাটোয়ারী বাড়ির বজলের রহমানের ছেলে শাহজালাল শাহীনের সাথে পারিবারিকভাবে শিরিনের বিয়ে হয়। ফেনী বড় বাজারে পাটোয়ারী টেলিকম নামে একটি প্রতিষ্ঠানে ব্যবসা করেন শাহীন। বিয়ের পর থেকে শ্বশুর বাড়ির লোকজন শিরিনকে নানাভাবে শারীরিক ও মানসিক নির্যাতন করতে থাকে।

পুলিশ পরিদর্শক সুদীপ রায় জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে গৃহবধু শিরিনকে বিছানার উপরে কম্বল জড়ানো অবস্থায় চিৎ করা পড়ে থাকতে দেখি। প্রাথমিক তদন্তে শিরিনের গলায়, হাতে এবং কোমরে আঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ ফেনী জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাবার পর মৃত্যুর কারণ নিশ্চিত করে বলা যাবে।