জেলা প্রতিবেদকঃ গোপালগঞ্জের কোটালীপাড়ায় গাছ থেকে আম পাড়াকে কেন্দ্র করে আমানুল্লাহ শেখ (১৮) নামে এক মাদরাসা ছাত্রকে পিটিয়ে হত্যা করা হয়েছে।
সোমবার (৮ জুন) বিকেল সাড়ে ৫টার দিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত আমানুল্লাহ শেখ কোটালীপাড়া উপজেলার চৌরখুলী গ্রামের জাকির হোসেনের ছেলে এবং কোটালীপাড়া উপজেলার কুশলা আলিয়া মাদরাসার ৮ম শ্রেণির ছাত্র।
কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ লুৎফর রহমান জানান, সোমবার দুপুরে গাছ থেকে আম পাড়ার অভিযোগে আমানুল্লাহ শেখকে মারধর করে তার চাচাত ভাই বাবু শেখ ও দেলোয়ার শেখসহ আরও কয়েকজন। এতে সে মারাত্মক আহত হলে প্রথমে তাকে গোপালগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। এরপর তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেলে তার মৃত্যু হয়।
তিনি আরও জানান, এ বিষয়ে এখনো থানায় কোনো অভিযোগ আসেনি। অভিযোগ আসলে সে অনুযায়ী আইনগত ব্যবস্থা নেয়া হবে।


