গোপীবাগে বন্দুকযুদ্ধে যুবক নিহত, দুই এসআই আহত

বন্দুকযুদ্ধ

নিজস্ব প্রতিবেদকঃ রাজধানীর গোপীবাগে বন্দুকযুদ্ধে শান্ত নামের এক যুবক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন পুলিশের দুই উপ-পরিদর্শক (এসআই)।

সোমবার (১১ ফেব্রুয়ারি) রাতে ওয়ারীর গোপীবাগ এলাকার রেলগেটের পাশে এ ঘটনা ঘটে। ওয়ারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুর রহমান জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, আহত অবস্থায় ভোর ৪টার দিকে শান্তকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার (১২ ফেব্রুয়ারি) সকালে তার মৃত্যু হয়।

ওসি আরও জানান, গোপীবাগ এলাকায় ৭/৮ জনের ডাকাত দল ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন খবর পেয়ে অভিযান চালায় পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাত সদস্যরা ধারালো অস্ত্র দিয়ে দুই পুলিশ সদস্যকে আঘাত করে। এতে এসআই সুকান্ত ও রকিবুল ইসলাম গুরুতর আহত হন। পরে পুলিশ আত্মরক্ষার্থে গুলি চালালে শান্ত আহত হয়। পরে তাকে ঢামেক হাসপাতালে পাঠানো হলে চিকিৎসাধীন তার মৃত্যু হয়।

এসআই সুকান্ত জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও রকিবুল ইসলাম আজগর আলী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে জানান ওসি।