নিজস্ব প্রতিবেদক : ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় শাহাদাত উল্লাহ জুয়েল নামে এক আসামির পক্ষে ফৌজদারি কার্যবিধির ৩৪২ ধারায় আত্মপক্ষ শুনানি অনুষ্ঠিত হয়েছে। তিনি নিজেকে নির্দোষ দাবি করে আত্মপক্ষ শুনানি করেছেন।
সোমবার ঢাকার এক নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক শাহেদ নুরুদ্দিনের আদালতে এ আত্মপক্ষ শুনানি অনুষ্ঠিত হয়। এর আগে বিচারক জুয়েলের বিরুদ্ধে সাক্ষ্য দেওয়া সাক্ষীদের জবানবন্দি পড়ে শোনান। এরপর বিচারক তার কাছে জানতে চান, আপনি দোষী না নির্দোষ? জবাবে জুয়েল নিজেকে নির্দোষ দাবি করে বিচার প্রার্থনা করেন। এরপর বিচারক মামলার কার্যক্রম আগামীকাল মঙ্গলবার পর্যন্ত মুলতবি রেখেছেন।
সংশ্লিষ্ট ট্রাইব্যুনালের পারসোনাল অফিসার অলিউল ইসলাম এসব তথ্য জানিয়েছেন।
মামলাটিতে আসামি খালেদা জিয়ার ভাগ্নে লে. কমান্ডার (অব.) সাইফুল ইসলাম ডিউক, প্রাক্তন আইজিপি মো. আশরাফুল হুদা, শহিদুল হক ও খোদা বক্স চৌধুরী এবং মামলার তিন তদন্ত কর্মকর্তা তৎকালীন বিশেষ পুলিশ সুপার রুহুল আমিন, সিআইডির সিনিয়র এএসপি মুন্সি আতিকুর রহমান, এএসপি আব্দুর রশীদ ও প্রাক্তন ওয়ার্ড কমিশনার আরিফুল ইসলাম জামিনে রয়েছেন।
অন্যদিকে প্রাক্তন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, প্রাক্তন উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টুসহ ২৪ জন কারাগারে এবং বিএনপির চেয়ারপারসনের বড় ছেলে তারেক রহমানসহ ১৯ জন পলাতক। এ মামলার আসামি হুজি নেতা মুফতি হান্নান ও জামায়াত নেতা আলী আহসান মুহাম্মাদ মুজাহিদের অন্য মামলায় মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে।
প্রসঙ্গত, ২০০৪ সালের ২১ আগস্ট আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জনসভায় গ্রেনেড হামলায় আওয়ামী লীগের মহিলাবিষয়ক সম্পাদিকা ও প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমানের স্ত্রী আইভি রহমানসহ ২৪ জনের নির্মম মৃত্যু হয়। গ্রেনেডের স্প্লিন্টারের আঘাতে আহত হন কয়েক শতাধিক। বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা অল্পের জন্য প্রাণে বেঁচে গেলেও শ্রবণশক্তি হারান।


