নিজস্ব প্রতিবেদক : একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলায় কারাগারে থাকা আসামি কাশ্মীরের হিজবুল মুজাহিদীন সংগঠনের নেতা এবং কাশ্মীরি নাগরিক জঙ্গি নেতা মাজেদ ভাটের সাফাই সাক্ষ্য শেষ হয়েছে।
বুধবার ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১ এর বিচারক শাহেদ নূর উদ্দিনের আদালতে তার সাফাই সাক্ষ্য শেষ হয়। গত ১৩ সেপ্টেম্বর মাজেদ ভাট নিজের পক্ষে সাফাই সাক্ষ্য দেওয়া শুরু করেন।
মাজেট ভাটের সাফাই সাক্ষ্য শেষ হওয়ার পর কারাগারে থাকা মামলার আরেক আসামি মঈন উদ্দিন শেখ ওরফে মুফতি মঈন ওরফে খাজা ওরফে আবু জান্দাল ওরফে মাসুম বিল্লাহ নিজের পক্ষে সাফাই সাক্ষ্য দেওয়া শুরু করেছেন। তার জবানবন্দি শেষে রাষ্ট্রপক্ষের প্রধান কৌঁশুলী সৈয়দ রেজাউর রহমান তাকে জেরা শুরু করেন। কিন্তু এদিন তার জেরা হয়নি। জেরা শেষ না হওয়ায় বিচারক আগামী ১০ ও ১১ অক্টোবর জেরার পরবর্তী দিন ধার্য করেছেন।
সংশ্লিষ্ট ট্রাইব্যুনালের পারসোনাল অফিসার অলিউল ইসলাম এ তথ্য জানিয়েছেন।
মামলাটিতে গত ১২ জুন জামিনে ও কারাগারে থাকা ৩১ আসামির আত্মপক্ষ শুনানি হয়। আত্মপক্ষ শুনানিতে ৩১ আসামির সকলেই নিজেদের নির্দোষ দাবি করেন। মামলাটিতে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানসহ ১৮ জন আসামি পলাতক থাকায় তারা আত্মপক্ষ শুনানির সুযোগ পাননি।
মামলাটিতে আসামি খালেদা জিয়ার ভাগ্নে লে. কমান্ডার (অব.) সাইফুল ইসলাম ডিউক, প্রাক্তন আইজিপি মো. আশরাফুল হুদা, শহিদুল হক ও খোদা বক্স চৌধুরী এবং মামলার তিন তদন্ত কর্মকর্তা তৎকালীন বিশেষ পুলিশ সুপার রুহুল আমিন, সিআইডির সিনিয়র এএসপি মুন্সি আতিকুর রহমান, এএসপি আব্দুর রশীদ ও প্রাক্তন ওয়ার্ড কমিশনার আরিফুল ইসলাম জামিনে রয়েছেন।
অন্যদিকে প্রাক্তন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ ২৩ জন কারাগারে এবং বিএনপির চেয়ারপারসনের বড় ছেলে তারেক রহমানসহ ১৯ জন পলাতক। এ মামলার আসামি হুজি নেতা মুফতি হান্নান ও জামায়াত নেতা আলী আহসান মুহাম্মাদ মুজাহিদের অন্য মামলায় মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে।
প্রসঙ্গত, ২০০৪ সালের ২১ আগস্ট আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জনসভায় গ্রেনেড হামলায় আওয়ামী লীগের মহিলাবিষয়ক সম্পাদক ও প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমানের স্ত্রী আইভি রহমানসহ ২৪ জনের মৃত্যু হয়। গ্রেনেডের স্প্লিন্টারের আঘাতে আহত হন কয়েক শতাধিক।


