নিজস্ব প্রতিবেদক : ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় উজ্জল ওরফে রতন নামে এক আসামি ট্রাইব্যুনালে সাফাই সাক্ষ্য দিয়েছেন।
মঙ্গলবার ঢাকার এক নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালে বিচারক শাহেদ নুরুদ্দিনের আদালতে তিনি এ সাফাই সাক্ষ্য দেন।
এর আগে আসামি রফিকুল ইসলাম সবুজের পক্ষে সাফাই সাক্ষ্য দেওয়া তার স্ত্রী হালিমা খাতুন সাদিয়ার সাক্ষ্য শেষ হয়। তিনি গতকাল সাক্ষ্য দেওয়া শুরু করেন। ওইদিন তার সাক্ষ্য শেষ হয়নি। এরপর বিচারক উজ্জল ওরফে রতনের সাফাই সাক্ষ্যগ্রহণ করেন। রতনের জেরা শেষ না হওয়ায় বিচারক আগামীকাল বুধবার সাফাই সাক্ষ্যের পরবর্তী দিন ধার্য করেছেন।
এদিকে রতন তার সাফাই সাক্ষ্যে বলেছেন, ২১ আগস্ট গ্রেনেড হামলার ঘটনার দুইদিন আগে ১৯ আগস্ট অ্যাপেনডিসাইটিসের ব্যথা নিয়ে নিজ এলাকা ঝিনাইদাহ উপজেলা হাসপাতালে ভর্তি হন। ঘটনাকালীন সময়ে তিনি সেখানেই চিকিৎসাধীন ছিলেন বলে আদালতকে জানান।
এর আগে ১২ জুন মামলাটিতে জামিনে ও কারাগারে থাকা ৩১ আসামির আত্মপক্ষ শুনানি হয়। আত্মপক্ষ শুনানিতে ৩১ আসামির সকলেই নিজেদের নির্দোষ দাবি করেছেন। মামলাটিতে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানসহ ১৮ জন আসামি পলাতক থাকায় তারা আত্মপক্ষ শুনানির সুযোগ পাননি।
মামলাটিতে আসামি খালেদা জিয়ার ভাগ্নে সাইফুল ইসলাম ডিউক, প্রাক্তন আইজিপি মো. আশরাফুল হুদা, শহিদুল হক ও খোদা বক্স চৌধুরী এবং মামলার তিন তদন্ত কর্মকর্তা তৎকালীন বিশেষ পুলিশ সুপার রুহুল আমিন, সিআইডির সিনিয়র এএসপি মুন্সি আতিকুর রহমান, এএসপি আব্দুর রশীদ ও প্রাক্তন ওয়ার্ড কমিশনার আরিফুল ইসলাম জামিনে রয়েছেন।
অন্যদিকে প্রাক্তন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, প্রাক্তন উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টুসহ ২৩জন কারাগারে এবং বিএনপির চেয়ারপারসনের বড় ছেলে তারেক রহমানসহ ১৯ জন পলাতক। এ মামলার আসামি হুজি নেতা মুফতি হান্নান ও জামায়াত নেতা আলী আহসান মুহাম্মাদ মুজাহিদের অন্য মামলায় মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে।
প্রসঙ্গত, ২০০৪ সালের ২১ আগস্ট আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জনসভায় গ্রেনেড হামলায় আওয়ামী লীগের মহিলাবিষয়ক সম্পাদিকা ও প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমানের স্ত্রী আইভি রহমানসহ ২৪ জনের নির্মম মৃত্যু হয়। গ্রেনেডের স্প্লিন্টারের আঘাতে আহত হন কয়েক শতাধিক।


