চট্টগ্রামে গ্রেফতার তিন ছিনতাইকারী

Bakalia

চট্টগ্রামে বাকলিয়া এলাকায় ছিনতাইয়ের ঘটনার পর অভিযান চালিয়ে তিন ছিনতাইকারী গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারের পর শনিবার (২৭ জুন) বিকেলে তিন ছিনতাইকারী ‘কে আদালতে হাজির করা হলে তিনজনই মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবু সালেম মোহাম্মদ নোমানের আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন বলে জানান চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার (চকবাজার জোন) মুহাম্মদ রাইসুল ইসলাম।

গ্রেফতার তিনজন হচ্ছেন-কুমিল্লার মুরাদনগর থানার রঘুরামপুর শহীদ চেয়ারম্যান বাড়ির নুরুল ইসলামের ছেলে ফারুক হোসেন, দেবিদ্বার থানার নোয়াকান্দি গ্রামের মো. ফয়েজ মিয়ার ছেলে মো. ইমন ও কক্সবাজারের কুতুবদিয়া থানার চানমিয়া পাড়ার নুরুল আলমের ছেলে নুরুল আমিন।

বাকলিয়া থানার ওসি নেজাম উদ্দিন জানান, গত ২৫ জুন রাতে সাইকেলে করে মুরাদপুরের কর্মস্থল থেকে পটিয়া বোনের বাড়িতে যাচ্ছিলেন জাবেদুল আলম। কর্ণফুলী সেতু এলাকায় পৌঁছালে রাস্তার পাশে অন্ধকারে ঘাপটি মেরে থাকা তিনজন ছিনতাইকারী তাকে ঝাপটে ধরে মারধর করে। ছুরি ঠেকিয়ে তার কাছ থেকে মোবাইল ও বেতনের পাঁচ হাজার টাকা ছিনিয়ে নেয়। পরদিন বাকলিয়া থানায় মামলা দায়ের করেন তিনি। মামলা পাওয়ার পর অভিযান চালিয়ে তিন ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়েছে। তাদের কাছ থেকে জাবেদুল আলমের মোবাইলটি উদ্ধার করা হয়েছে।

বাকলিয়া থানার ওসি মোহাম্মদ নেজাম উদ্দিন বলেন, ২৫ জুন রাতে মুরাদপুর থেকে পটিয়া যাওয়ার পথে শাহ আমানত সেতু এলাকায় ছিনতাইয়ের শিকার হন মো. জাবেদুল আলম নামে এক ব্যক্তি। পরে ভুক্তভোগী থানায় অভিযোগ করলে পুলিশ তদন্তে নেমে ছিনতাইকারীদের শনাক্ত করে। তিন ছিনতাইকারীকে গ্রেফতার করা হলেও আরও তিনজন পলাতক রয়েছে। তাদের গ্রেফতারের চেষ্টা চলছে। তাদের কাছ থেকে একটি মোবাইল উদ্ধার করা হয়েছে।

ওসি মোহাম্মদ নেজাম উদ্দিন বলেন, গ্রেফতার ছিনতাইকারীরা শাহ আমানত সেতু এলাকায় রাতে পথচারীদের কাছ থেকে জিনিসপত্র ছিনিয়ে নেয়। ওই এলাকায় পুলিশের টহল বাড়ানো হয়েছে। একই চক্রের সদস্য মো. হাসান, মো. ইকবাল ও মো. জুয়েলকেও গ্রেফতারের চেষ্টা চলছে। চক্রটি নগরের বিভিন্ন জায়গায় ছিনতাই করে বেড়ায় বলেন ওসি।