চট্টগ্রামে পাহাড়ি ঢলে ১ শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম : প্রবল বর্ষণের ফলে সৃষ্ট পাহাড়ি ঢলে চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় মায়ের সঙ্গে দুই শিশু সন্তান ভেসে গেছে।

রোববার সকাল সাড়ে ১০টার দিকে এই ঘটনা ঘটে।ফায়ার সার্ভিস ও স্থানীয়রা তাৎক্ষণিক তল্লাশি চালিয়ে মাকে জীবিত এবং এক শিশু সন্তানের লাশ উদ্ধার করেছে। নিখোঁজ রয়েছে অপর এক শিশু।

হাটহাজারী ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা জাকের হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, হাটহাজারী উপজেলা সদরের মিরের খিল এলাকায় পাহাড়ি ঢলে কোহিনুর আক্তার নামের এক গৃহবধূ তার দুই শিশু সন্তান নিয়ে ভেসে যান।

খবর পেয়ে ফায়ার সার্ভিস দ্রুত তল্লাশি চালিয়ে মা কোহিনুর আক্তারকে জীবিত এবং তার মেয়ে বৈশাখীর (১১) লাশ উদ্ধার করে। কিন্তু কোহিনুরের লিজা (১২) নামে অপর এক সন্তান এখনো নিখোঁজ রয়েছে। তার সন্ধানে অনুসন্ধান অব্যাহত রয়েছে।