চট্টগ্রাম থেকে সৌদি আরবের মদিনার উদ্দেশে হজ ফ্লাইট আজ রাতে শুরু হচ্ছে

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম : চট্টগ্রাম থেকে সরাসরি সৌদি আরবের মদিনার উদ্দেশে হজ ফ্লাইট আজ শুক্রবার রাতে শুরু হচ্ছে। রাত পৌনে ১২টায় ৪১৯ জন হজযাত্রী নিয়ে বাংলাদেশ বিমানের ফ্লাইট চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করবে।

হজ ফ্লাইটের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন। উদ্বোধনের পর চট্টগ্রাম থেকে সরাসরি আরো ১৪টি ফ্লাইটে হজযাত্রীদের বহন করা হবে বলে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের চট্টগ্রামের ডিস্ট্রিক ম্যানেজার মোহাম্মদ ইমরুল কায়েস নিশ্চিত করেছেন।

হজ এজেন্সিদের সংগঠন হাব সূত্রে জানা গেছে, চট্টগ্রাম থেকে এবার ১৪ হাজার মানুষ হজে যাবেন। এদের মধ্যে ১৫টি ফ্লাইটের পাশাপাশি সিডিউল ফ্লাইটেও বহু যাত্রী হজে গমন করবেন। ইতোমধ্যে সিডিউল ফ্লাইটে বহু হজযাত্রী জেদ্দা পৌঁছেছেন।

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের ম্যানেজার উইং কমান্ডার রিয়াজুল কবির জানান, চট্টগ্রাম থেকে সরাসরি হজ ফ্লাইটের উদ্বোধন হবে শুক্রবার রাত ১০টায়। এ জন্য সংক্ষিপ্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে বিমানমন্ত্রী ছাড়াও হাব’র ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকবেন। ইতিমধ্যে সব প্রস্তুতি শেষ হয়েছে। বিমানবন্দরে হজযাত্রীরা যাতে ভোগান্তির শিকার না হন, এ ব্যাপারে সর্বাত্মক প্রস্তুতিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।