নিজস্ব প্রতিবেদক : ঘুষের টাকাসহ হাতেনাতে গ্রেপ্তার হওয়া চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) রাজস্ব কর্মকর্তা আলী আকবরের বিরুদ্ধে চার্জশিট অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বৃহস্পতিবার দুদকের প্রধান কার্যালয় থেকে ওই চার্জশিট অনুমোদন দেওয়া হয়েছে। দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রনব কুমার ভট্টাচার্য্য বিষয়টি নিশ্চিত করেছেন।
২০১৭ সালের ৭ ফেব্রুয়ারি চট্টগ্রাম সিটি করপোরেশনের রাজস্ব সার্কেল-২ থেকে ওই সার্কেলের উপকর কর্মকর্তা আলী আকবরকে ঘুষের ২০ হাজার টাকাসহ হাতেনাতে গ্রেপ্তার করা হয়েছিল।
দুদক সূত্র জানায়, নগরীর চান্দগাঁও থানার রূপালি আবাসিক এলাকার ৭৩৮৪ নম্বর হোল্ডিংয়ের পাঁচতলা বাড়ির মালিক ছিলেন জনৈক রাজা মিয়া। তার কাছ থেকে ওই বাড়িটি হানিফ নামে এক ব্যক্তি ২০১১ সালের ১৬ জুন কিনে নেন। বাড়ি ক্রয়ের পর তার কেয়ারটেকার মো. জামাল উদ্দিন বাড়িটি দেখাশোনা করছেন এবং বাড়িটির যাবতীয় বিদ্যুৎ, পানি, গ্যাস বিলসহ হোল্ডিং কর পরিশোধ করে আসছেন। ওই বাড়িটির হোল্ডিং ট্যাক্স পরিশোধ এবং মালিকের নাম পরিবর্তনের জন্য তিনি চট্টগ্রাম সিটি করপোরেশনের রাজস্ব সার্কেল-২ এর দায়িত্বপ্রাপ্ত উপকর কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আলী আকবরের শরণাপন্ন হন। এ বিষয়ে তিনি একাধিকবার ওই কর্মকর্তার দপ্তরে গিয়ে ধরণা দেন। অবশেষে ওই উপকর কর্মকর্তা এ কাজে জামাল উদ্দিনের কাছ থেকে ৪০ হাজার টাকা ঘুষ দাবি করেন। এতে জামাল উদ্দিন গত ৬ ফেব্রুয়ারি দুদক চট্টগ্রাম জেলা কার্যালয়-১ এর উপপরিচালক বরাবরে একটি অভিযোগ করেন। এরপর জামাল উদ্দিন ২০ হাজার টাকা দেওয়ার সময় আলী আকবরকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।
দুদক চট্টগ্রাম জেলা কার্যালয়-১ এর সহকারী পরিচালক এইচ এম আখতারুজ্জামান বাদী হয়ে চান্দগাঁও থানায় মামলা করেন। অভিযোগটি তদন্তকালেও প্রতিষ্ঠিত হওয়ায় কমিশন আসামির বিরুদ্ধে দণ্ডবিধির ১৬১ ধারা এবং ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় চার্জশিট অনুমোদন দেওয়া হয়।


