আজিম উদ্দিন, চাঁপাই নবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জে শিবগঞ্জ উপজেলার চাঞ্চল্যকর রুহুল আমিন হত্যা মামলার পলাতক প্রধান আসামী মোজাম্মেল হক (৬৫) কে গ্রেফতার করেছে র্যাব। আজ
রবিবার ভোরে নওগাঁ জেলার পোড়শা উপজেলার নিজপুর ইউনিয়নের গানোর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
মোজাম্মেল হক চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার লাহারপুর খড়কপাড়া এলাকার মৃত মোফাজ্জল হকের ছেলে। র্যাব–৫ এর প্রেস বিজ্ঞপ্তিতে জানোনো হয়েছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে
চাঁপাইনবাবগঞ্জ র্যাব ক্যাম্পের একটি দল রবিবার ভোর ৪টার দিকে নওগাঁ জেলার পোড়শা উপজেলার নিজপুর ইউনিয়নের গানোর এলাকায় অভিযান চালিয়ে হত্যা মামলার প্রধান আসামী মোজাম্মেল হককে গ্রেফতার করে। আটকের পর তাকে শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
উল্লেখ্য গত ২ সেপ্টেম্বর জমিজমা বিরোধের জেরে শিবগঞ্জ উপজেলার লাহারপুর খড়কপাড়া এলাকায় দুপুরে বাড়ির ছাদের পানি পড়াকে কেন্দ্র করে বড় ভাই রুহুল আমিনের সাথে ছোটভাই মোজাম্মেলের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে ছোট ভাই মোজাম্মেলসহ কয়েক জনের লাঠির আঘাতে বড় ভাই রুহুল আমিন গুরুতর আহত হয়।
স্বজনরা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে রুহুল আমিন মারা যান। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে মোজাম্মেল হককে প্রধান আসামী করে মোট ৪জনের বিরুদ্ধে শিবগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়। ঘটনার পর থেকে সকল আসামী পলাতক হয়।


