চাঁপাইনবাবগঞ্জে অস্ত্র মামলায় জেএমবি সদস্যকে যাবজ্জীবন কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী : চাঁপাইনবাবগঞ্জে অস্ত্র মামলায় জেএমবি সদস্য সেলিম ওরফে হারুন মিস্ত্রিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

সোমবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ স্পেশাল ট্রাইব্যুনাল-২ এর বিচারক অতিরিক্ত জেলা ও দায়রা জজ জিয়াউর রহমান আসামির উপস্থিতিতে এ রায় প্রদান করেন। দণ্ডপ্রাপ্ত সেলিম চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার চর মোহনপুর মহল্লার দুরুল হুদার ছেলে।

চাঁপাইনবাবগঞ্জের পাবলিক প্রসিকিউটর যোবদুল হক জানান, ২০০৯ সালের ৭ জুলাই র‌্যাব-৫, রাজশাহীর একটি দল স্থানীয় বিজিবির সহায়তায় জেএমবি সদস্য সেলিমকে সদর উপজেলার জোহরপুর গ্রাম থেকে গ্রেপ্তার করে। এ সময় তার কাছ থেকে একটি পিস্তুল ও ৯ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এ ঘটনায় র‌্যাব-৫, রাজশাহীর বিনোদপুর ক্যাম্পের এসআই আনোয়ার হোসেন ওইদিন চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় অস্ত্র আইনে সেলিমের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন।