আজিম উদ্দিন, চাঁপাই নবাবগঞ্জ: চলমান অবরোধে নাশকতার জন্য রাখা ৫ টি অবিস্ফোরিত ককটেল পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়নের সদস্যরা। বুধবার চাঁপাইনবাবগঞ্জের রানীহাটি থেকে ককটেলগুলো উদ্ধার করে র্যাব–৫। তবে এ ঘটনায় কাওকে আটক করতে পারেনি র্যাব।
এ বিষয়ে বুধবার সকালে র্যাব–৫ কোম্পানী কমান্ডারের কার্যালয় সিপিসি–১ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প থেকে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, চলমান রাজনৈতিক সহিংসতায় দুস্কৃতি ও নাশকতাকারী সন্ত্রাসীদের সন্ত্রাসমূলক কর্মকান্ডের গোপন তথ্যের ভিত্তিতে র্যাব–৫ রাজশাহীর সিপিসি–১ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি চৌকষ আভিযানিক দল মঙ্গলবার দিবাগত গভীর রাত ১ টায় বুধবার (৮ নভেম্বর) জেলার সদর উপজেলার রামচন্দ্রপুর কুথানীপাড়া গ্রামে অভিযান পরিচালনা করে।
এ সময় মৃত বিশারত আলীর ছেলে বাদলের (৪৫) বাড়ির পেছনে একটি সিমেন্টের ব্যাগে ককটেল সদৃশ বস্তু দেখতে পেয়ে বিশেষায়িত বোম ডিসপোজাল ইউনিট রাজশাহীর মাধ্যমে ৫ টি অবিস্ফোরিত ককটেল পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়।
এ ঘটনায় পরিত্যাক্ত অবস্থায় উদ্ধারকৃত বোম সদৃশ ককটেলগুলো জিডি মূলে নবাবগঞ্জ সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে এবং জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনার জন্য র্যাবের অভিযান অব্যাহত রয়েছে বলে জানান অধিনায়ক।


