চারটি নদীর ওপর চারটি সেতু নির্মাণ করবে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ

নিজস্ব প্রতিবেদক : দেশের পূর্ব ও দক্ষিণে চারটি নদীর ওপর চারটি সেতু নির্মাণ করবে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ। এসব সেতু নির্মাণে প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে ৩৯ কোটি ৭০ লাখ ২৪ হাজার ৭৬৭ টাকা।

মঙ্গলবার রাজধানীর বনানীর সেতু ভবনে চারটি সেতু নির্মাণের জন্য চারটি পরামর্শক প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি হয়েছে। এ সময় প্রধান অতিথি হিসেবে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের উপস্থিত ছিলেন।

২০১৮ সালের নভেম্বরের মধ্যে এসব সেতুর নির্মাণকাজ শেষ হবে। সেতু চারটি হলো- বরিশাল বিভাগের বরিশাল ভোলা সড়কের কালাবদর ও তেতুলিয়া নদীর ওপর সেতু, পটুয়াখালী-আমতলী-বরগুনা সড়কে পায়রা নদীর ওপর সেতু, বাকেরগঞ্জ-বাউফল উপজেলা সড়কে কারখানা নদীর ওপর সেতু এবং ঢাকা বিভাগের আড়াইহাজার-বাঞ্ছারামপুর সড়কে সেতু।

অনুষ্ঠানে জানানো হয়, ‘কনস্ট্রাকশন অব ফোর ব্রিজ অব ইস্টার্ন অ্যান্ড সাউদান রিজিওন অব বাংলাদেশ’ প্রকল্পের আওতায় বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের নিজস্ব অর্থায়নে সেতুগুলো নির্মাণ করা হবে। প্রকল্পের মেয়াদ ধরা হয়েছে, ২০১৭ সালের জুন থেকে ২০১৮ সালের নভেম্বর পর্যন্ত।

প্রকল্পের ফিজিবিলিটি স্টাডি কাজের পরামর্শক প্রতিষ্ঠান নিয়োগের সারসংক্ষেপ গত ১২ জুলাই সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটিতে উপস্থাপন করা হয়। ‘গুণগতমান ও ব্যয়ভিত্তিক নির্বাচন (কিউসিবিএস)’ পদ্ধতি অনুসরণ করে চারটি প্রতিষ্ঠানকে নিয়োগ দেয় কমিটি। প্রতিষ্ঠানগুলো হলো- এসটিইউপি কনসালট্যান্ট প্রাইভেট লিমিটেড, ইন্ডিয়া জেভি উইথ ডেভেলপমেন্ট ডিজাইন কনসালট্যান্ট লিমিটেড, ডিইভি কনসালট্যান্ট লিমিটেড বাংলাদেশ এবং সিএডব্লিউআই ইউকে লিমিটেড।