চা বাগানের ভেতরে এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে দুই নৈশপ্রহরীকে আটক

মৌলভীবাজার: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে চা বাগানের ভেতরে এক কিশোরীকে (১৬) ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় চা বাগানের দুই নৈশপ্রহরীকে আটক করেছে পুলিশ। তারা হলেন- ভাড়াউড়া চা বাগানের মৃত অনিল দোষাদের ছেলে কৈলাশ দোষাদ (২৫) ও একই চা বাগানের মৃত পূজনা মৃধার ছেলে জহর লাল মৃধা (২৯)

শুক্রবার (৭ ফেব্রুয়ারি) রাত সাড়ে নয়টায় বধ্যভূমি সংলগ্ন ভাড়াউড়া চা বাগানে এ ঘটনা ঘটে। শনিবার (৮ ফেব্রুয়ারি) সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন পুলিশ।

শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুছ ছালেক বলেন, ইয়াকুব নামে এক যুবক তার পূর্বপরিচিত এক গৃহকর্মীকে নিয়ে বধ্যভূমিতে চানাচুর ভাজা খাচ্ছিলেন। সেখানে তারা বেশ কিছুক্ষণ অবস্থান করার পর রাত সাড়ে ৯টার দিকে ইঞ্জিনচালিত একটি টমটম আসে। এসময় ওই টমটমে চালকসহ আরও দুই লোক ছিলেন। তারা ওই যুবক ও কিশোরীকে নিজ গন্তব্যে পৌঁছে দেওয়ার কথা বললে দু’জন সরল বিশ্বাসে রাজি হন এবং টমটমে উঠে যান। টমটমে ওঠার একপর্যায়ে তাদের (যুবক ও কিশোরী) জোর করে ভুরভুরিয়া চা বাগানে নিয়ে ওই তিন ব্যক্তি। সেখানে ওই যুবককে টমটমের সঙ্গে বেঁধে রেখে কিশোরীকে গণধর্ষণ করে তারা।

তিনি আরও বলেন, ধর্ষিতা কিশোরীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় অভিযান চালিয়ে অভিযুক্ত দুই ধর্ষককে আটক করা হয়েছে। মামলার প্রস্তুতিও চলছে।