চিকুনগুনিয়া নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছি

নিজস্ব প্রতিবেদক : ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এলাকার ৪৫০ কিলোমিটার ড্রেন ও নর্দমায় মশার প্রজনন রোধে গাপ্পি মাছ ছাড়ার ঘোষণা দিয়েছেন মেয়র মোহাম্মদ সাঈদ খোকন।

সোমবার রাজধানীর স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ের সিদ্ধেশ্বরী ক্যাম্পাসে চিকুনগুনিয়া বিষয়ে আয়োজিত সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেওয়ার সময় তিনি এ ঘোষণা দেন।

বিশ্ববিদ্যালয়ের সুইমিং পুলে কিছু গাপ্পি মাছের পোনা অবমুক্ত করেন ডিএসসিসির মেয়র।

২০০০ সালে ডেঙ্গু রোগের প্রাদুর্ভাবসহ কিছু মানুষের মৃত্যুর পর প্রয়াত মেয়র মোহাম্মদ হানিফ এ গাপ্পি মাছ নর্দমাতে ছেড়েছিলেন, এ কথা জানিয়ে ডিএসসিসির মেয়র বলেন, আমরাও স্বল্পতম সময়ের মধ্যে করপোরেশনের ৪৫০ কিলোমিটার ড্রেন ও নর্দমাতে এ মাছ ছাড়ার জন্য প্রকল্প গ্রহণ করতে যাচ্ছি। এ মাছ প্রতিদিন ৫০টি মশার লার্ভা খেতে সক্ষম। এ মাছ সব রকমের আবহাওয়ায় বেঁচে থাকতে পারে।

তিনি আরো বলেন, নির্বাচিত জনপ্রতিনিধি হিসেবে জনগণকে সঙ্গে নিয়ে সব ধরনের সর্বাত্মক প্রচেষ্টা গ্রহণের ফলে সফলতার সাথে চিকুনগুনিয়া নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছি। এখন চিকুনগুনিয়া পরবর্তী শারীরিক ব্যথা নিরাময়ের লক্ষ্যে কল সেন্টার চালু করে আক্রান্তদের বাড়ি বাড়ি গিয়ে বিনামূল্যে সেবা দেওয়া হচ্ছে।

সাঈদ খোকন জানান, ১ হাজার ৫৭৭ জনকে বাসায় গিয়ে ফিজিওথেরাপি দেওয়া হয়েছে। চিকুনগুনিয়া রোগীদের বাড়িতে গিয়ে বিনামূল্যে ১ লাখ ৭৫ হাজার পিস প্যারাসিটামল ট্যাবলেট বিতরণ করা হয়েছে। এ ছাড়া মশার বিস্তার রোধে ১ লাখ লিটার এডালটিসাইড, ১০ লাখ লিটার লার্ভিসাইড ব্যবহার করা হয়েছে। চিকুনগুনিয়ায় আক্রান্ত ২৫০০ জন রোগীকে বাসায় গিয়ে চিকিৎসা সেবা দেওয়া হয়েছে।

সেমিনারে কীটতত্ত্ববিদ তৌহিদ উদ্দিন আহমেদ, অধ্যাপক ড. কাবিরুল বাশার, অধ্যাপক গুলশান আরা লতিফা, অধ্যাপক মুহাম্মাদ আলী নকী, ড. কে মওদুদ ইলাহী প্রমুখ বক্তব্য রাখেন।