নিজস্ব প্রতিবেদক : চিত্রনায়িকা মাহিয়া মাহিকে স্ত্রী দাবি করার অভিযোগে দায়ের করা মামলাটি বদলির আদেশ দিয়েছেন আদালত।
মঙ্গলবার ঢাকা মহানগর হাকিম সাজ্জাদুর রহমান মামলার চূড়ান্ত প্রতিবেদনটি দেখে পরবর্তী বিচারের জন্য মামলাটি বাংলাদেশ সাইবার ক্রাইম ট্রাইব্যুনালে বদলির আদেশ দেন। আর সেখানে চূড়ান্ত প্রতিবেদন গ্রহণ করা হবে কি না- সে বিষয়ে আদেশ দেবেন ট্রাইব্যুনাল।
এর আগে গত ৩১ জানুয়ারি ঢাকা মহানগর হাকিম মাজহারুল ইসলামের আদালতে মামলার তদন্ত কর্মকর্তা সোহরাব মিয়া প্রতিবেদন দাখিল করেন। মাহির সঙ্গে শাওনের বিয়ে হয়েছিল বলে পুলিশ তদন্ত প্রতিবেদনে বলা হয়। অভিযোগটি তথ্যগত ভুল প্রমাণিত হওয়ায় শাওনকে মামলার দায় হতে অব্যাহতির আবেদন করেন তদন্ত কর্মকর্তা।
তদন্ত কর্মকর্তার দেওয়া প্রতিবেদনে বলা হয়, ২০১৫ সালের ১৫ মে কাজী মো. সালাউদ্দিন ম্যারেজ রেজিস্ট্রারের মাধ্যমে শাওন ও মাহির বিয়ে সম্পন্ন হয়। ভলিউম নম্বর ১৮৬/১৫, পৃষ্ঠা ৬৫-তে এ বিয়ের রেজিস্ট্রার হয় এবং তদন্ত কর্মকর্তা এ বিয়ের রেজিস্ট্রার জব্দ করে সাক্ষীদের জিজ্ঞাসাবাদ করেন।
এসআই সোহরাব বলেন, ‘শাওন ও মাহির বিয়ে হয়েছে। এ-সংক্রান্ত কাগজপত্র আমি নিজেই জব্দ করেছি।’
তিনি জানান, তাদের বিয়ের মাসখানেকের মধ্যে চলচ্চিত্রে কাজ করা নিয়ে বিবাদীর সঙ্গে বিবাদে জড়ালে তারা আলাদাভাবে বসবাস শুরু করেন এবং খোলা তালাক কার্যকর করা হয় বলে পারিবারিক সূত্রে জানা গেছে। পরবর্তীতে মাহি গত বছরের ২৫ মে আবার বিয়ে করেন বলেন জানান তদন্ত কর্মকর্তা।
২০১৬ সালের ২৮ মে উত্তরা পশ্চিম থানায় নায়িকা মাহি তথ্য ও যোগাযোগপ্রযুক্তি আইনে মামলা করেন। এরপর শাওনকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ।
চিত্রনায়িকা মাহিয়া মাহির সঙ্গে ব্যবসায়ী পারভেজ মাহমুদ অপুর বিয়ের পরের দিন থেকেই কয়েকটি গণমাধ্যমে মাহির ‘একাধিক বিয়ে-সংক্রান্ত’ কিছু ছবি প্রকাশ হতে থাকে। সেখানে ছবি প্রকাশের পাশাপাশি দাবি করা হয়, এর আগেও একাধিকবার মাহির বিয়ে হয়েছে।


