নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স কোম্পানি লিমিটেডের (বিটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক হিসেবে মাহফুজ উদ্দিন আহমেদের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করে নতুন এমডি নিয়োগের দাবি জানিয়েছে সরকার সমর্থক বাংলাদেশ টি এন্ড টি শ্রমিক কর্মচারি ফেডারেল ইউনিয়ন।
শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর রুনি হলে এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বাংলাদেশ টি এন্ড টি শ্রমিক কর্মচারি ফেডারেল ইউনিয়ন-সিবিএ প্রেসিডেন্ট ও জাতীয় শ্রমিক লীগ ঢাকা মহনগর দক্ষিণের সহ-সভাপতি মো. শাহনেওয়াজ এ দাবি জানান।
চুক্তিভিত্তিক ব্যবস্থাপনা পরিচালক মাহফুজ উদ্দিন আহমেদকে অপসারণের দাবিতে বাংলাদেশ টি এন্ড টি শ্রমিক কর্মচারি ফেডারেল ইউনিয়ন- সিবিএ এই সংবাদ সম্মেলনের আয়োজন করে।
অবিলম্বে বিটিসিএল-এর চুক্তিভিত্তিক ব্যবস্থাপনা পরিচালক মাহফুজ উদ্দিন আহমেদকে সরিয়ে নতুন এমডি নিয়োগের দাবি জানিয়ে সিবিএ সভাপতি মো. শাহনেওয়াজ বলেন, ‘মাহফুজ উদ্দিন আহমেদ কুখ্যাত রাজাকার হাজী মেজবা্হ উদ্দিনের পুত্র ও ধানমন্ডি থানার একটি ফৌজদারী মামলার আসামি। রাজাকার পুত্রের বিষয়টি গোপন করে মাহফুজ উদ্দিন আহমেদ চুক্তির ভিত্তিতে বিটিসিএল-এর এমডি পদ বাগিয়ে নেন। এই পদে আসীন হয়ে তিনি সরকার সমর্থকশূণ্য বিটিসিএল গড়ে তোলার চক্রান্তে মেতে উঠেছেন। ইতোমধ্যে তিনি বিটিসিএল থেকে অনেক সরকার সমর্থক কর্মচারিকে অন্যায়ভাবে বদলি ও বরখাস্ত করেছেন এবং বিভিন্ন শাস্তি দিয়েছেন। এতে বিটিসিএল জুড়ে নৈরাজ্যের সৃষ্টি হয়েছে।’
তিনি বলেন, ‘মাহফুজ উদ্দিনের স্বেচ্ছাচারীতা, দুর্নীতি ও অব্যবস্থাপনায় ২০১৬-১৭ অর্থবছরে বিটিসিএল সাড়ে পাঁচ’শ কোটি টাকা লোকসান করেছে। এসব কারণে সংস্থাটি এখন ধ্বংসের পথে। মাহফুজ উদ্দিন আহমেদ জাতীয় শোক দিবসে (১৫ আগস্ট’ ২০১৭) ধানমন্ডির ৩২ নম্বরে জাতির জনকের প্রতিকৃতিতে পুষ্পস্তবক দেওয়ার সময় তার মাসলম্যান তুহিন বাহিনী দিয়ে সিবিএ সেক্রেটারি জেনারেল ফারুক আহমেদ ও কর্মী জাকিরের ওপর সন্ত্রাসী হামলা চালিয়েছেন। এ ঘটনায় তার বিরুদ্ধে ধানমন্ডি মডেল থানায় ৩২৩/৩৭৯/৫০৬/১১৪ পেনালকোডে মামলা (নম্বর ১৩/১৩০) হয়েছে।’
মো. শাহনেওয়াজ বলেন, ‘একজন ফৌজদারী মামলার আসামি ও রাজাকার পরিবারের তথ্য গোপনকারী কখনোই বিটিসিএল-এর এমডির মত গুরুত্বপূর্ণ পদে থাকতে পারেন না। বিটিসিএলকে ধ্বংসের হাত থেকে বাঁচাতে অবিলম্বে মাহফুজ উদ্দিন আহমেদের এমডি পদের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করতে হবে এবং নতুন এমডি নিয়োগ দিতে হবে।’
আয়োজক সংগঠনের প্রতিষ্ঠাতা ও জাতীয় শ্রমিক লীগের সাবেক সহ-সভাপতি এম এ হামিদ, এ আর মহসিন, আব্দুল মান্নান ভূঁইয়া, মো. হানিফ, মোতাহার হোসেন মাহবুব, মো. কায়সার সরোয়ার, কমল চন্দ্র সরকার, আসলাম হুদা এ সময় উপস্থিত ছিলেন।


