চৌগাছা (যশোর) প্রতিনিধিঃ যশোরের চৌগাছায় পরীক্ষা ভাল না হওয়ায় ইয়াছিন আলী নামে এক এসএসসি পরীক্ষার্থী আত্মহত্যা করেছে। লিখে রেখে গেছে “সুইসাইট নোট”। ইয়াছিন আলী পার্শ্ববর্তী ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার বলিভাদ্রপুর গ্রামের নূরুজ্জামানের পুত্র। সে চৌগাছা উপজেলার নারায়নপুর ইউনিয়নের হোগলডাঙ্গা গ্রামে নানা সিরাজুল ইসলামের বাড়িতে থেকে লেখাপড়া করত।
এবছর উপজেলার চাঁদপাড়া মাধ্যমিক বিদ্যালয় থেকে ইয়াছিন বাণিজ্য বিভাগে এসএসসি পরীক্ষা দিচ্ছিল। বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম জানান এসএসসি পরীক্ষায় তার রোল নং ছিল ৫২৯০৮৯।
নিহতের মামা জাহিদ হাসান বলেন, সোমবার (২৫ শে ফেব্রুয়ারী) হিসাব বিজ্ঞান পরীক্ষা দিয়ে বাড়ি ফেরে ইয়াছিন। পরে গভীর রাতে সে গলায় রশি দিয়ে আত্মহত্যা করে। আত্মহত্যার আগে পড়ার টেবিলে সে ‘আমি চলে যাচ্ছি কারণ আমার পরীক্ষা ভাল হয়নি, বাই’। তার কাছে কে কত টাকা পাবে তার একটি তালিকা লেখা ‘সুইসাইড নোট’ লিখে রেখে গেছে।
চৌগাছা থানার ডিউটি অফিসার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) নাসির উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।


