জেলা প্রতিনিধিঃ চট্টগ্রামে বিএনপির অঙ্গসংগঠনগুলোর তারুণ্যের সমাবেশ থেকে ফেরার পথে মীরসরাইয়ের এক ছাত্রদল নেত্রীকে তুলে নিয়ে শারীরিকভাবে হেনস্তা ও নির্যাতন করেছে ছাত্রলীগ। ওই ছাত্রীকে হেনস্তা ও নির্যাতনের পর উলটো তাকে মিথ্যা মামলায় পাঠিয়ে দেওয়া হয় কারাগারে।
গত বুধবার মীরসরাই উপজেলার শাহজীবাজার এলাকায় এ ঘটনা ঘটে। একইভাবে তারুণ্যের সমাবেশ থেকে ফেরার পথে সন্দ্বীপসহ বিভিন্ন এলাকায় ছাত্রদল ও যুবদল কর্মীদের কান ধরে উঠবস করিয়েছে ছাত্রলীগ। কোথাও কোথাও নির্যাতন করা হয়েছে। কান ধরে উঠবস করানোর একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
এ নিয়ে চট্টগ্রামে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে। ছাত্রলীগের এহেন কর্মকাণ্ডকে অত্যন্ত নিন্দনীয় নিপীড়নমূলক ও জঘন্য বলে দাবি করেছে বিএনপি। উত্তর জেলা বিএনপি এসব অভিযোগ তুলে ধরে চট্টগ্রামে সংবাদ সম্মেলন করেছে।
রোববার বিকালে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহ্বায়ক গোলাম আকবর খোন্দকার এক সংবাদ সম্মেলনে অভিযোগ করে বলেন, তারুণ্যের সমাবেশে মিছিল সহকারে যোগদানের সময় চট্টগ্রাম উত্তর জেলার হাটহাজারী, সীতাকুণ্ড, মীরসরাই, সন্দ্বীপসহ বিভিন্ন স্থানে আওয়ামী-বাকশালী সন্ত্রাসীরা আমাদের নেতাকর্মীদের ওপর হামলা করেছে।
ফেরার পথেও নিপীড়ন-নির্যাতন চালিয়েছে। কোথাও কোথাও আমাদের কর্মীদের কান ধরে উঠবস করিয়েছে। কিন্তু পরিস্থিতি এমন হয়েছে যে, যারা এসব করেছে তাদের নাম প্রকাশ করতেও ভয় পাচ্ছে নির্যাতিত নেতাকর্মীরা। কারণ নাম প্রকাশ হলে তাদের এলাকায় থাকতে দেবে না এমন হুমকি দেওয়া হয়েছে। গোলাম আকবর খোন্দকার বলেন, ক্ষমতা হারানোর ভয়ে ভীত ভোটারবিহীন ফ্যাসিস্ট সরকার আবারও গায়েবি মামলা দায়েরের পাশাপাশি নির্যাতন-নিপীড়ন শুরু করেছে।’
তিনি আরও দাবি করেন, ‘হাটহাজারীতে সৈয়দ জয়নাল আবেদীন নামে এক শ্রমিক লীগ নেতা বাদী হয়ে বিএনপি ও অঙ্গসংগঠনের ২৬ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করেন। কিন্তু যাকে এ মামলার বাদী হিসেবে দেখানো হয়েছে আমরা তার সঙ্গে কথা বলেছি। জায়নাল আবেদীন বলেছেন, তিনি কারও বিরুদ্ধে কোনো মামলা করেননি। তাকে কোনো মামলায় বাদী করা হয়েছে কিনা সেটিও তিনি জানেন না।’
গোলাম আকবর খোন্দকার দাবি করেন, ওই মামলায় আসামি করা দুই বিএনপি কর্মী রেজাউল করিম রকি ও দিদারুল আলম দীর্ঘদিন থেকে চট্টগ্রাম কারাগারে রয়েছেন। কারাগারে থাকা অবস্থায় তাদের বিরুদ্ধে আবারও মামলা দেওয়া হয়েছে।
সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, শহিদ জিয়ার স্মৃতিবিজড়িত নগরীর ষোলশহর ২ নম্বর গেটে অবস্থিত ঐতিহাসিক বিপ্লব উদ্যানে শহিদ জিয়ার নামফলক আওয়ামী সন্ত্রাসীরা কালি দিয়ে মুছে দেয়। এছাড়া বিভিন্ন থানায় অসংখ্য নেতাকর্মীর ওপর হামলা করে তারুণ্যের সমাবেশে আসা-যাওয়ার পথে। আওয়ামী সন্ত্রাসীরা সমাবেশ বানচাল করার অপচেষ্টা করেও সেদিন জনস্রোত ঠেকাতে ঠেকাতে ব্যর্থ হয়েছে।


