ছিনতাই ঘটনায় আটক ব্যক্তির কাছ থেকে অর্ধ লক্ষ টাকা নেয়ার অভিযোগ পুলিশের বিরুদ্ধে

মোঃ নাজমুল ইসলাম তাজ যশোর সদর প্রতিনিধি: যশোরে ২ লাখ টাকা ছিনতাই ঘটনায় আটক ব্যক্তির কাছ থেকে অর্ধ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে পুলিশের এক কর্মকর্তার বিরুদ্ধে। শুধু তাই নয়, ছিনতাইকারীর কবলে পড়া যুবককেও হয়রানির অভিযোগ করা হচ্ছে। তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন পুলিশের ওই কর্মকর্তা।

শহরের বেজপাড়া মিঠু লেনের বাসিন্দা লুৎফর রহমানের ছেলে মহিদুজ্জামান লিটনের অভিযোগ, গত ২৯ আগস্ট দুপুরে ষষ্ঠীতলা থেকে তার ২ লাখ টাকা ছিনতাই হয়। শহরতলীর পুলেরহাটে তিনি তার ২ শতক জমি বিক্রি করতে চান। জমি কিনতে ইচ্ছুক শহরের কাজীপাড়ার মানিকতলার মৃত লিয়াকত শেখের ছেলে হেলাল শেখ তাকে বায়না হিসেবে এই টাকা দিয়েছিলেন।

টাকা ছিনতাইয়ের পর তিনি এ ঘটনায় অজ্ঞাতনামাদের আসামি করে কোতয়ালি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। পরে পুলিশ জমির ক্রেতা হেলাল শেখকে ঘটনার সাথে জড়িত থাকতে পারেন এমন সন্দেহে ধরে আনে। এরপর ১ সেপ্টেম্বর রোববার থানা পুলিশের এসআই ফকির ফেরদৌস আলী দু’পকে নিয়ে বৈঠকে বসেন। এ সময় কীভাবে টাকা ছিনতাই সমস্যার সমাধান করা যায় এ বিষয়টি তার কাছে জানতে চাওয়া হয়। জবাবে তিনি বলেন, ‘আমি টাকা ছিনতাইয়ের ঘটনায় অভিযোগ দিয়েছি। আমি কীভাবে সমস্যার সমাধানের কথা বলব। আপনারা (পুলিশ) এ বিষয়ে পদপে নিবেন।’ এ কথা শুনে পুলিশ তার টাকা ছিনতাই ঘটনাটি তেমন আমলে নিতে চায়নি।

এমনকি এ ঘটনার জন্য তাকে এবং তার এক বন্ধুকে উল্টো দায়ী করে পুলিশ। মহিদুজ্জামান লিটন ােভ প্রকাশ করে বলেন, ‘জমি আমার, টাকাও আমার। আবার আমাকেই দোষী করা হচ্ছে।’ তিনি বলেন, এসআই ফেরদৌস সন্দেহভাজন আটক হেলাল শেখের কাছ থেকে ৫০ হাজারেও বেশি টাকা নিয়েছেন। তার সামনেই এই টাকা নেয়া হয়। টাকা নেওয়ার পর বলা হয়, হেলাল দোষী নয়, ভালো লোক। এরপর হেলাল শেখকে ছেড়ে দেয় পুলিশ। মহিদুজ্জামান লিটন বলেন, সেখানে উপস্থিত পুলিশের এক কর্মকর্তা তাকে বলেন, ‘সমস্যার সমাধানে এসআই ফেরদৌস পরে আপনার সাথে মোবাইল ফোনে যোগাযোগ করবেন।’

কিন্তু এসআই ফেরদৌস আর তার সাথে যোগাযোগ করেননি। এদিকে গতকাল দুপুরে এ বিষয়ে জানতে যোগাযোগ করা হলে এসআই ফকির ফেরদৌস আলী বলেন, টাকা ছিনতাইয়ের অভিযোগটি তার কাছে দেয়া হয়নি। তিনি এ সব বিষয়ে কোন কিছু জানেন না। তাছাড়া কারো কাছ থেকে কোন টাকা নেওয়ার অভিযোগও সত্য নয়।