নিজস্ব প্রতিবেদক : পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) একেএম শহীদুল হক বলেছেন, জঙ্গিদের নতুন করে নাশকতা করার কোনো তথ্য পুলিশের কাছে নেই। তবে পুলিশ জঙ্গিবিরোধী অভিযান অব্যাহত রেখেছে।
রোববার বিকেলে পল্টনের কাবাডি ফেডারেশনের এক অনুষ্ঠানশেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে পুলিশপ্রধান বলেন, ‘জঙ্গি নিয়ন্ত্রণে রয়েছে। এ কারণে তারা আগের মতো মাথাচাড়া দিয়ে উঠতে পারছে না। তাদের ধরতে দেশব্যাপী অভিযানের পাশাপাশি নজরদারি অব্যাহত আছে। একই সঙ্গে তারা যে আগের মতো জঙ্গি কর্মকাণ্ড করতে পারবে না তা অনেকটাই নিশ্চিত। তারা হামলা করবে বা করতে পারে তাও আইনশৃঙ্খলা বাহিনীর জানা নেই। তবে তারা যেন নাশকতা করতে না পারে সেজন্য পুলিশের অভিযান অব্যাহত আছে। তারই অংশ হিসেবে সাভারের আশুলিয়ায় জঙ্গি আস্তানার সন্ধান পায় র্যাব।’
খেলাধুলা জঙ্গিবাদ নির্মূল করতে পারে উল্লেখ করে কাবাডি ফেডারেশনের এ সভাপতি বলেন, ‘গোল্লাছুট, হাডুডু, কাবাডি, ঘুড়ি উড়ানোসহ আরও অনেক খেলা আছে যেগুলোর চর্চা গড়ে তুলতে হবে। কেননা এসব খেলাধুলা এখন হারিয়ে যেতে বসেছে। ছেলেমেয়েরা খেলাধুলায় মনোনিবেশ করতে পারলে সেক্ষেত্রে তাদের জঙ্গিবাদে জড়ানোর আশঙ্কা কম থাকে।’
এর আগে তিনি বেলুন উড়িয়ে দ্বিতীয় বিভাগ কাবাডি লীগের উদ্বোধন করেন।


