নিজস্ব প্রতিবেদক : এডিপিভুক্ত প্রকল্পের আওতায় জলাবদ্ধতা দূরীকরণে বর্ষা আসার আগে খাল পুনঃখনন করার সুপারিশ করেছে পানিসম্পদ মন্ত্রণালয়সম্পর্কিত স্থায়ী কমিটি।
এ ছাড়া জাতীয় পানি নীতির অনুকরণে হাওরসমূহের বাঁধ ব্যবস্থাপনা তদারকির জন্য গ্রাম পর্যায়ে সমিতি, ইউনিয়ন পর্যায়ে অ্যাসোসিয়েশন এবং উপজেলা পর্যায়ে ফেডারেশন গঠন করে রক্ষণাবেক্ষণের সুপারিশ করে কমিটি।
মঙ্গলবার জাতীয় সংসদে পানিসম্পদ মন্ত্রণালয়সম্পর্কিত স্থায়ী কমিটির ২৯তম বৈঠকে ওই সুপারিশ করা হয়। সংসদ সচিবালয় থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
কমিটির সভাপতি রমেশ চন্দ্র সেনের সভাপতিত্বে কমিটি সদস্য ও পানিসম্পদ প্রতিমন্ত্রী মোহাম্মদ নজরুল ইসলাম, মো. ফরিদুল হক খান, মোস্তাফিজুর রহমান চৌধুরী, অনুপম শাহজাহান জয় এবং মোছা. সেলিনা জাহান লিটা বৈঠকে অংশগ্রহণ করেন।
বৈঠকে সারা দেশে চলমান বন্যা পরিস্থিতি, পানিসম্পদ মন্ত্রণালয়ের ২০১৭-১৮ অর্থবৎসরের উন্নয়ন ও অনুন্নয়ন বাজেট, হাওর বোর্ডের কার্যক্রম এবং তিস্তা প্রজেক্টের বগুড়া ক্যানেল খননের সর্বশেষ অবস্থা সর্ম্পকে বিস্তারিত আলোচনা করা হয়। কমিটি সারা দেশে চলমান বন্যা পরিস্থিতি সন্তোষজনকভাবে মোকাবেলা করায় সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়ে বন্যা পরিস্থিতি মোকাবেলার সক্ষমতা আরো বৃদ্ধি করার সুপারিশ করে।
বৈঠকে জাতীয় পানি নীতির অনুকরণে হাওরসমূহের বাঁধ ব্যবস্থাপনা তদারকির জন্য গ্রাম পর্যায়ে সমিতি, ইউনিয়ন পর্যায়ে অ্যাসোসিয়েশন এবং উপজেলা পর্যায়ে ফেডারেশন গঠনপূর্বক এর রক্ষণাবেক্ষণের দায়িত্ব ফেডারেশনের ওপর দেওয়ার সুপারিশ করা হয়।
কমিটি বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের আওতাধীন ড্রেজার পরিদপ্তরের চলমান ড্রেজিং কার্যক্রম তদারকির সুপারিশ করে এডিপিভুক্ত প্রকল্প কর্তৃক জলাবদ্ধতা দূরীকরণের লক্ষ্যে বর্ষা আসার আগে খাল পুনঃখনন করার ওপর জোর দেয়। এ ছাড়া সীমান্ত নদী সংরক্ষণ কার্যক্রম অব্যাহত রাখারও সুপারিশ করা হয়।


