সচিবালয় প্রতিবেদক : রাজধানীর জলাবদ্ধতা দূর করতে বক্স কালভার্টগুলো খুলে দেয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
পাশাপাশি কালভার্টগুলোর ওপর দিয়ে এলিভেটেড এক্সপ্রেসওয়ে (উড়ালসেতু) বানানোর জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে কাজ শুরুর নির্দেশ দিয়েছন তিনি।
সোমবার সচিবালয়ে মন্ত্রিপরিষদের বৈঠকে তিনি এ নির্দেশনা দেন। বৈঠক শেষে একাধিক মন্ত্রী প্রতিমন্ত্রীর সঙ্গে কথা বলে এ তথ্য জানা গেছে।
প্রধানমন্ত্রী বলেন, বিএনপি ও জাতীয় পার্টির সরকারের সময় রাজধানী ঢাকার খালগুলো দখল হয়েছে। খালগুলোর ওপর বক্স কালভার্ট থাকার কারণে ভেতরের ময়লা পরিষ্কার করা সম্ভব হয় না। এতে পানি দ্রুত নিষ্কাশন হতে পারে না। ফলে সামান্য বৃষ্টিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়।
তিনি আরো বলেন, বিশ্বের বিভিন্ন দেশে এলিভেটেড এক্সপ্রেসওয়ে আছে। রাজধানীর খালগুলোর সঙ্গে নদীর সংযোগ রয়েছে। এটা করা হলে দ্রুত পানি নদীতে নেমে যাবে। এসময় প্রধানমন্ত্রী দুএকটি দেশের এলিভেটেড এক্সপ্রেসওয়ের ছবি মন্ত্রীদের দেখান।
এছাড়া বুড়িগঙ্গা ও ব্রহ্মপুত্র নদী হেভি ড্রেজিং মেশিন দিয়ে খনন করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন তিনি।
বৈঠকে মন্ত্রিপরিষদের সদস্যরা ছাড়াও উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


