জাফর ইকবালকে হত্যাচেষ্টা মামলায় ৬ জনকে অভিযুক্ত করে চার্জশিট

নিজস্ব প্রতিবেদক, সিলেট : শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবালের ওপর হামলার ঘটনায় দায়েরকৃত হত্যাচেষ্টা মামলায় হামলাকারী ফয়জুলসহ ৬ জনকে অভিযুক্ত করে চার্জশিট আদালতে উপস্থাপন করা হয়েছে। মেট্রোপলিটন প্রথম আদালতের বিচারক হরিদাস পাল আদালতে বৃহস্পতিবার দুপুরে ৩৫৩ পৃষ্ঠার এ চার্জশিট জমা দেন সহকারী পুলিশ কমিশনার (প্রসিকিউশন) অমূল্য কুমার চৌধুরী। হামলাকারী ফয়জুল হাসান ওরফে ফয়েজ ছাড়াও চার্জশিটে যাদের অভিযুক্ত করা হয়েছে তারা হলেন-ফয়জুলের বন্ধু মো. সোহাগ মিয়া, পিতা হাফেজ মাওলানা আতিকুর রহমান, মাতা মোছাম্মাৎ মিনারা বেগম, মামা মো. ফজলুর রহমান এবং ভাই মো. এনামুল হাসান। তারা ৬ জনই বর্তমানে জেলে আছেন। গতকাল বুধবার বিকেলে এসএমপির কনফারেন্স হলে এক ব্রিফিংয়ে সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার পরিতোষ ঘোষ জানান, ঘটনাস্থলের স্থির চিত্র, সিসি ক্যামেরার ফুটেজ, মোবাইল কল লিস্ট ও অন্যান্য সাক্ষ্য প্রমাণ বিশ্লেষণের মাধ্যমে তার নিশ্চিত হয়েছেন, আসামি ফয়জুল নিজেই ড. মুহম্মদ জাফর ইকবালকে হত্যার পরিকল্পনা করে এবং সে একাই তাকে হত্যার উদ্দেশ্যে আঘাত করে। মামলায় প্রত্যক্ষ ও পরোক্ষভাবে ফয়জুল হাসান ওরফে ফয়েজ ছাড়াও বাকিদেরও সম্পৃক্ততা পাওয়া গেছে। বৃহস্পতিবার বেলা পৌনে ১২টার দিকে মামলার তদন্তের দায়িত্বে থাকা জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম চার্জশিটের কপি এসি প্রসিকিউশন অমূল্য কুমার চৌধুরীর কাছে হস্তান্তর করেন। পরে তিনি তা আদালতে উপস্থাপন করেন।