জামায়াতে আমিরের এক্স পোস্ট বিতর্কে ‘সাইবার হামলা’ দাবি করে জিডি

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের অফিশিয়াল এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলে সম্প্রতি প্রকাশিত একটি পোস্টে বিতর্কিত মন্তব্য নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা শুরু হয়েছে।

তবে জামায়াতের দাবি, সংশ্লিষ্ট এক্স অ্যাকাউন্টটি সাইবার হামলার শিকার হয়েছিল। এ ঘটনায় দলটির পক্ষ থেকে আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয় এবং থানায় একটি সাধারণ ডায়েরিও (জিডি) করা হয়েছে।

৩১ জানুয়ারি রাতে জামায়াতের কেন্দ্রীয় প্রচার বিভাগের পাঠানো এক বিবৃতিতে বলা হয়েছে, সম্প্রতি দলের আমির শফিকুর রহমানের অফিশিয়াল এক্স হ্যান্ডলসহ কয়েকজন জ্যেষ্ঠ নেতার সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্টে সাইবার হামলা হয়েছে। এর মাধ্যমে জামায়াতের আমিরের নামে মিথ্যা বক্তব্য প্রচার করা হয়েছে।

এ ঘটনায় জামায়াতের জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সিরাজুল ইসলাম রাতেই হাতিরঝিল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

জানা যায়, জামায়াতের আমিরের ভেরিফায়েড এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট থেকে ৩১ জানুয়ারি বিকালে ওই পোস্ট আপলোড করা হয়। পোস্টে কর্মজীবী নারীদের সম্পর্কে বিতর্কিত মন্তব্য নিয়ে আলোচনার ঝড় ওঠে।

এদিকে, জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুবের পাঠানো আরেক বিবৃতিতে বলা হয়, হামলাকারীরা অত্যন্ত সমন্বিত পদ্ধতি ব্যবহার করে সাময়িকভাবে জামায়াতের আমিরের এক্স অ্যাকাউন্টের নিয়ন্ত্রণ নেয়। তবে দ্রুত পদক্ষেপ ও বিদ্যমান নিরাপত্তাব্যবস্থার মাধ্যমে দলের সাইবার টিম অল্প সময়ের মধ্যেই অ্যাকাউন্টের নিয়ন্ত্রণ ফিরে পেতে সক্ষম হয়। ফলে অন্যান্য অ্যাকাউন্ট ও প্ল্যাটফর্মের নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হয়েছে বলে ওই বিবৃতিতে দাবি করা হয়।

বিবৃতিতে বলা হয়, এ স্বল্প সময়ের মধ্যে একটি অনাকাঙ্ক্ষিত পোস্ট প্রকাশিত হয়। পোস্টে জামায়াতের আমিরের নামে মিথ্যা বক্তব্য প্রচার করা হয়েছে। তারা স্পষ্টভাবে জানাচ্ছে, এই পোস্ট বা কনটেন্ট জামায়াতের আমিরের কোনো বক্তব্য, মতামত বা অবস্থানকে প্রতিফলিত করে না। এটি সম্পূর্ণ মিথ্যা ও বিভ্রান্তিকর।

সাধারণ জনগণকে কেবলমাত্র অফিসিয়াল ও বিশ্বস্ত সূত্র থেকে তথ্য যাচাই করার আহ্বান জানিয়েছে জামায়াত এবং যাচাই ছাড়া কোনো কনটেন্ট শেয়ার না করার অনুরোধ করেছে।

অন্যদিকে, নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে জামায়াতের আমির বলেন, দলটির অবস্থানকে ভুলভাবে উপস্থাপন করতে সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে, যার ফলে তিনি জামায়াতের প্রকৃত অবস্থান স্পষ্ট করার প্রয়োজন বোধ করেছেন।

তিনি বলেন, জামায়াতের ইশতেহারে শুরু থেকেই নারীদের বিষয়ে অবস্থান স্পষ্ট। দলটি চায় নারীরা শিক্ষা, স্বাস্থ্য, প্রশাসন, উদ্যোক্তা খাত ও জনসেবায় সক্রিয় ও সম্মানজনক ভূমিকা পালন করুক।

পোস্টে শফিকুর রহমান উল্লেখ করেন, জামায়াত মেয়েদের নিরবচ্ছিন্ন শিক্ষা, নিরাপদ ক্যাম্পাস, হয়রানির বিরুদ্ধে জিরো-টলারেন্স, প্রতিটি জেলায় নারী-কেন্দ্রিক স্বাস্থ্যসেবা, সমান মজুরি, নিরাপদ কর্মপরিবেশ, শিশুযত্ন সুবিধা এবং দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণের মাধ্যমে মর্যাদাপূর্ণ কর্মসংস্থানের জন্য অঙ্গীকারবদ্ধ।

তিনি আরও বলেন, জামায়াত রাজনীতি ও স্থানীয় সরকারে নারীদের নেতৃত্ব, গ্রামীণ নারীদের অর্থনৈতিক ক্ষমতায়ন, শক্তিশালী আইনগত সুরক্ষা এবং সামাজিক সম্মান নিশ্চিত করার পক্ষে।

এগুলো নতুন কোনো কিছু নয় উল্লেখ করে তিনি বলেন, এসব নীতি তিনি কয়েক মাস আগেই প্রকাশ্যে তুলে ধরেছিলেন এবং ২০২৬ সালের ২০ জানুয়ারি অনুষ্ঠিত তার পলিসি সামিটেও তা পুনর্ব্যক্ত করেছেন।

জামায়াতে আমির দাবি করেন, এসব অঙ্গীকার কোনো গুজব বা অনলাইন হইচইয়ের প্রতিক্রিয়া নয়; বরং এগুলো দীর্ঘদিনের ধারাবাহিক ও সুসংহত দৃষ্টিভঙ্গির প্রতিফলন।

মানুষকে গুজব নয়, বরং তার কাজ, নীতি ও ইশতেহারের ভিত্তিতে বিচার করার আহ্বান জানিয়ে তিনি বলেন, আগামী ৩ ফেব্রুয়ারি আনুষ্ঠানিকভাবে জামায়াতের ইশতেহার প্রকাশ করা হবে, যেখানে সব অঙ্গীকার বিস্তারিতভাবে তুলে ধরা হবে।

জামায়াত আমির আরও বলেন, তার দলের অঙ্গীকার ‘বাস্তবসম্মত ও পরিমাপযোগ্য’। এর মূল লক্ষ্য নারীদের নিরাপদ শিক্ষা, কর্মক্ষেত্রে সমান সুযোগ, নারী-কেন্দ্রিক স্বাস্থ্যসেবা, শক্তিশালী আইনগত সুরক্ষা, অর্থনৈতিক মর্যাদা এবং নারীদের বাস্তব নেতৃত্ব নিশ্চিত করা।

আমিরের ভাষায়, যে বাংলাদেশ নারীদের সম্মান করে, সেই বাংলাদেশই এগিয়ে যায়।