গাজীপুরের রাজবাড়ি মাঠে ১১ দলীয় জোটের নির্বাচনি জনসভা ও আমির ডা. শফিকুর রহমানের আগমন উপলক্ষে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। চলছে মঞ্চ তৈরির কাজ।
মঙ্গলবার এ জনসভায় বিপুলসংখ্যক নারী উপস্থিত থাকবেন বলে জানিয়েছে আয়োজক কমিটি।
জেলা জামায়েতের আমির ড. জাহাঙ্গীর আলম জানান, সমাবেশে অতীতের সব রেকর্ড ভেঙে বিপুলসংখ্যক মানুষের সমাগম হবে। এবারের সম্মেলনে বিশেষ আকর্ষণ বাংলাদেশ জামায়াতে ইসলামীর হাজার হাজার নারীকর্মী উপস্থিত হবেন। নিরাপত্তার জন্য প্রশাসনের সর্বস্তরের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করেছি। আমাদের আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা আশ্বস্ত করেছেন।
গাজীপুরের ৫টি আসনের ১১ দলের মনোনীত প্রার্থীরা উপস্থিত থাকবেন। সেজন্য জেলা ও মহানগর থেকে লাখো নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা আসবেন। নির্বাচন উপলক্ষে দিকনির্দেশনামূলক বক্তব্য দেবেন। বেলা ১১টা থেকে সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হবে। তবে প্রধান অতিথি আসবেন দুপুরের পর। তিনি হেলিকপ্টারে গাজীপুর শহীদ বরকত স্টেডিয়ামে নামার কথা রয়েছে।
গাজীপুর জেলা ছাত্রশিবিরের সভাপতি ইয়াছিন আরাফাত বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশব্যাপী ক্যাম্পের অংশ হিসেবে আমাদের আমিরে জামায়াত আসছেন। তার আগমনে নির্বাচনের ফলাফলে পজিটিভ ইমপ্যাক্ট পড়বে। তিনি নির্বাচনে দিকনির্দেশনাসহ গাজীপুরবাসীকে নিয়ে বক্তব্য দেবেন।
গাজীপুর মহানগর জামায়াতের আমির অধ্যাপক জামাল উদ্দিন বলেন, আমিরে জামায়াত জনসভায় এসে গাজীপুরের জনগণের কাছে দাঁড়িপাল্লা ও ১১ দলীয় জোটের প্রার্থীদের জন্য ভোট চাইবেন। আমরা আশা করি জনগণ আমাদের ভোট দেবেন, আগামী ১২ ফেব্রুয়ারি তাদের রয়ে সরকার গঠন করবে।


