নিজস্ব প্রতিবেদক : রাজধানীর মোহাম্মদপুর থেকে গ্রেপ্তার জামায়াতে ইসলামীর ২৮ জন নারী সদস্যের মধ্যে মানবতাবিরোধী অপরাধে দণ্ডপ্রাপ্ত আসামিদের স্বজন রয়েছেন।
এ ছাড়া তাদের মধ্যে কয়েকজন চিকিৎসক, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক রয়েছেন বলে জানিয়েছেন তেজগাঁও জোনের উপকমিশনার বিপ্লব কুমার সরকার।
শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে মোহাম্মদপুর থানায় সংবাদ সম্মেলনে তিনি এসব তথ্য জানান।
গতকাল মোহাম্মদপুর থানা এলাকার তাজমহল রোডের ১১/৭ নম্বর বাড়ির দোতলা থেকে জামায়াতে ইসলামীর ২৮ নারী সদস্যকে আটক করে পুলিশ। পরে বিশেষ ক্ষমতায় মোহাম্মদপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন, জামায়াতের মহিলা বিভাগের সেক্রেটারি শাহনাজ বেগম (৫৬), রোকন পর্যায়ের নেত্রী নাঈমা আক্তার (৫৫), উম্মে খালেদা (৪০), জোহরা বেগম (৩৫), সৈয়দা শাহীন আক্তার (৪০), উম্মে কুলসুম (৪২), জেসমিন খান (৪৩), খোদেজা আক্তার (৩২), সালমা হক (৪৫), সাকিয়া তাসনিম (৪৭), সেলিমা সুলতানা সুইটি (৪৮), হাফসা (৫৫), আকলিমা ফেরদৌস (৩৭), রোকসানা বেগম (৫১), আফসানা মীম (২৫), শরীফা আক্তার (৫৩), রুবিনা আক্তার (৩৮), তাসলিমা (৫২), আসমা খাতুন (৩৫), সুফিয়া (৪১), আনোয়ারা বেগম (৪৬), ইয়াসমিন আক্তার (৪১), সাদিয়া (৪৫), ফাতেমা বেগম (৫১), উম্মে আতিয়া (৪৬), রুমা আক্তার (৩২), রাজিয়া আক্তার (৪২), রাহিমা খাতুনন (৩০)।
বিপ্লব কুমার বলেন, গ্রেপ্তারদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আমরা জানতে পেরেছি তারা ওই বৈঠকে রাজধানীতে নাশকতার পরিকল্পনা করছিলেন। তাদের মধ্যে সংগঠনের রোকন পর্যায়ের নেত্রী ও মানবতাবিরোধী অপরাধে দণ্ডপ্রাপ্ত আসামিদের স্বজন রয়েছেন।
তিনি বলেন, মোহাম্মদপুর এলাকায় জামায়াতে ইসলামের নারী সদস্যরা গোপনে বৈঠক করে এমন তথ্য আমাদের কাছে আগে থেকেই ছিল। কিন্তু তারা কোন বাসায় বৈঠক করে তা নিশ্চিত হতে পারছিলাম না। বৃহস্পতিবার আমরা নিশ্চিত হই , তাজমহল রোডের বাসায় বৈঠক চলছে। খবর পেয়ে আমরা সেখানে অভিযান পরিচালনা করি। প্রথম দিকে ওই বাসায় দরজায় কড়া নাড়লে তারা কেউ সাড়া দেয়নি। যখন আমরা দরজা ভেঙে ভেতরে প্রবেশের চেষ্টা চালাই তখন তারা ভেতর থেকে দরজা খুলে দেয়।
তিনি আরও বলেন, তাদের কাছ থেকে উগ্রবাদ ছড়ানোর অভিযোগে অভিযুক্ত বেশ কয়েকজন লেখকের বই পাওয়া গেছে। বেশ কিছু লিফলেট ও নথিপত্র উদ্ধার করা হয়েছে। তারা শুধু ঢাকা শহর নয়, দেশের বিভিন্ন জেলা থেকে এখানে বৈঠকে অংশ নিতে এসেছেন। এদের মধ্যে চিকিৎসক এবং কলেজ ও বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেন এমন নারী রয়েছেন।
অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য গ্রেপ্তারকৃতদের সাতদিনের রিমান্ড আবেদন করা হবে বলে জানান বিপ্লব কুমার।


