জামিনের মেয়াদ বাড়ালেন আরাফাত সানী

নিজস্ব প্রতিবেদক : নারী ও শিশু নির্যাতন দমন আইনে দায়ের করা মামলায় ক্রিকেটার আরাফাত সানী আত্মসমর্পণ করে জামিনের মেয়াদ বাড়িয়েছেন।

দ্বিতীয় দফায় আরাফাত সানীর ৩৫ দিনের জামিনের মেয়াদ শেষ হচ্ছে সোমবার। অর্ন্তবর্তীকালীন জামিন শেষ হতে যাওয়ায় ঢাকা মহানগর দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক জাহিদুল কবিরের আদালতে আইনজীবীর মাধ্যমে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন আরাফাত সানী। সানীর পক্ষে শুনানি করেন এম জুয়েল আহম্মদ এবং মুরাদুজ্জামান মুরাদ।

শুনানিতে তারা বলেন, নারী নির্যাতনের মামলায় আরাফাত সানীর জামিনের মেয়াদ শেষ হচ্ছে সোমবার। জামিনের মেয়াদ শেষ হওয়ায় আমরা আজ তার জামিনের প্রার্থনা জানাচ্ছি।

তারা আরো বলেন, আরাফাত সানীর বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে তা সত্য নয়। তা ছাড়া আরাফাত সানী বর্তমানে লীগে খেলছে। সেখানে তিনি সর্বোচ্চ ২৩ উইকেট নিয়ে রেকর্ড গড়েছেন। এ অবস্থায় তার জামিন মঞ্জুর করেন।

এদিন মামলার বাদী নাসরিন সুলাতানা আদালতে হাজির ছিলেন। তিনি জামিনের বিরোধিতা করেন।

উভয়পক্ষের শুনানি শেষে আদালত আরাফাত সানীকে ৭ জুন পর্যন্ত জামিন মঞ্জুর করেন।

আরাফাত সানীর আইনজীবী এম জুয়েল আহম্মদ এসব তথ্য জানিয়েছেন।

এদিকে আদালত থেকে এক সাথে হাসিমুখে বের হয়ে আসেন আরাফাত সানী এবং তার স্ত্রী নাসরিন সুলতানা। কিছুক্ষণ আদালত প্রাঙ্গণে দাঁড়িয়ে তাদেরকে হাসিমাখা মুখে কথা বলতে দেখা গেছে।

এই মামলায় গত ৯ মার্চ একই আদালত নাসরিন সুলতানার অনাপত্তিতে আরাফাত সানীকে ১০ এপ্রিল পর্যন্ত জামিন মঞ্জুর করেন। এরপর ১০ এপ্রিল জামিন আরাফাত সানী নিতে আসলে আদালত তাদের মধ্যে সমঝোতার নির্দেশ দেন।

গত ১ ফেব্রুয়ারি ঢাকার চার নম্বর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলাটি করেন সানীর স্ত্রী নাসরিন সুলতানা। ওইদিন আদালত বাদীর জবানবন্দি গ্রহণের পর মামলার অভিযোগ মোহাম্মদপুর থানাকে তদন্ত করে আদালতে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন। গত ৮ ফেব্রুয়ারি মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দীন মীর মামলাটি এজাহার হিসেবে রেকর্ড করে ঢাকা সিএমএম আদালতে নথি প্রেরণ করেন। এরপর আদালত মামলাটি তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। এই মামলায় আরাফাত সানীর মা নার্গিস আক্তারও আসামি। গত ২৩ ফেব্রুয়ারি তিনি আদালতে আত্মসমর্পণ করে জামিন নেন।