জিজ্ঞাসাবাদ সাউথ বাংলা ব্যাংকের চেয়ারম্যান ও এমডিকে

নিজস্ব প্রতিবেদক : সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান এস এম আমজাদ হোসেন, ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. রফিকুল ইসলাম ও প্রাক্তন উপব্যবস্থাপনা পরিচালক মো. শওকত আলীকে জিজ্ঞাসাবাদ করেছে ‍দুর্নীতি দমন কমিশন (দুদক)।

ব্যাংকটিতে ২০০ কোটি টাকার ঋণ প্রদানে অনিয়মের অভিযোগ অনুসন্ধানে তাদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে।

রোববার দুদকের প্রধান কার্যালয়ে সকাল ৯টা থেকে বেলা ১১টা পর্যন্ত পর্যায়ক্রমে দুদকের অনুসন্ধান কর্মকর্তা ও সহকারী পরিচালক গুলশান আনোয়ার প্রধান তাদের জিজ্ঞাসাবাদ করেন। দুদকের জনসংযোগ দপ্তর এ বিষয়টি নিশ্চিত করেছে।

এ বিষয়ে দুদকের একটি সূত্র জানায়, তলব করা কর্মকর্তাদের প্রায় দুই ঘণ্টার জিজ্ঞাসাবাদ করা হয়। এ সময় তাদের কাছে অভিযোগ সংশ্লিষ্ট বিস্তারিত তথ্য জানতে চাওয়া হয়। একই সঙ্গে অনুসন্ধানের স্বার্থে আরো বেশকিছু নথিপত্র চাওয়া হয়েছে।

এর আগে গত সপ্তাহে দুদকের প্রধান কার্যালয় থেকে তাদের তলব করে চিঠি পাঠানো হয়। একই অভিযোগ অনুসন্ধানে গত ১২ জুলাই সাউথ বাংলা ব্যাংকের অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট (এভিপি) বিধান কুমারসহ তিন কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করে দুদক।

অভিযোগের বিষয়ে দুদক সূত্র জানায়, সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান এস এম আমজাদ হোসেন ব্যাংকটির ঊর্ধ্বতন কর্মকর্তাদের যোগসাজশে ক্ষমতার অপব্যবহার করে ২০০ কোটি টাকা ঋণ দিয়েছেন। অভিযোগ রয়েছে, মেসার্স আলফা এক্সেসরিজ অ্যান্ড অ্যাগ্রো এক্সপোর্ট লিমিটেডের নামে প্রায় ৩৩ কোটি টাকার অনিশ্চিত শ্রেণিকরণ ঋণ থাকা সত্বেও নিয়মবহির্ভুতভাবে আরো ২০০ কোটি টাকা ঋণ দেওয়া হয়েছে। দুদক থেকে এমন অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্ত নেওয়ার পর জুন মাসের শেষের দিকে দুদকের সহকারী পরিচালক গুলশান আনোয়ার প্রধানকে অনুসন্ধান কর্মকর্তা হিসেবে নিয়োগ দেওয়া হয়।