জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলায় খালেদার আত্মপক্ষ শুনানি ১৫ জুন

নিজস্ব প্রতিবেদক : জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আত্মপক্ষ সমর্থনের শুনানির তারিখ পিছিয়ে আগামী ১৫ জুন ধার্য করেছেন আদালত।

বৃহস্পতিবার মামলাটিতে খালেদা জিয়ার পক্ষে আত্মপক্ষ শুনানির জন্য দিন ধার্য ছিল। এ জন্য বেলা সোয়া ১১টার দিকে আদালতে হাজির হন খালেদা জিয়া। কিন্তু মামলাটিতে হাইকোর্টের দেওয়া পুনরায় তদন্তের আবেদন খারিজ করার আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে লিভ টু আপিল করা হয়েছে। যা শুনানির জন্য আগামী ৩ জুলাই ধার্য রয়েছে জানিয়ে খালেদা জিয়ার আইনজীবী ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, এ জে মোহাম্মদ আলী আত্মপক্ষ শুনানি পেছানোর জন্য সময়ের আবেদন করেন।

শুনানি শেষে পুরান ঢাকার বকশিবাজারস্থ কারা অধিদপ্তরের প্যারেড মাঠে স্থাপিত ঢাকার পাঁচ নম্বর বিশেষ জজ ড. মো. আকতারুজ্জামান সময়ের আবেদন মঞ্জুর করে পরবর্তী শুনানির তারিখ ১৫ জুন ঠিক করেন।

এতিমদের জন্য বিদেশ থেকে আসা ২ কোটি ১০ লাখ ৭১ হাজার ৬৭১ টাকা আত্মসাৎ করার অভিযোগে জিয়া অরফানেজ মামলাটি দায়ের করে দুদক। ২০০৮ সালের ৩ জুলাই রমনা থানায় এই মামলাটি দায়ের করা হয়।

২০০৯ সালের ৫ আগস্ট দুদক আসামিদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়।

অভিযোগপত্রে খালেদা জিয়া, তার বড় ছেলে তারেক রহমান, প্রাক্তন এমপি কাজী সালিমুল হক কামাল ওরফে ইকোনো কামাল ও ব্যবসায়ী শরফুদ্দিন আহমেদ, প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রাক্তন সচিব ড. কামাল উদ্দিন সিদ্দিকী ও প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভাগ্নে মমিনুর রহমানকে আসামি করা হয়।

আসামি তারেক রহমান সরকারের নির্বাহী আদেশে দেশের বাইরে আছেন। মাগুরার প্রাক্তন এমপি কাজী সালিমুল হক কামাল ওরফে ইকোনো কামাল, ব্যবসায়ী শরফুদ্দিন আহমেদ জামিনে আছেন। ড. কামাল উদ্দিন সিদ্দিকী ও মমিনুর রহমান মামলার শুরু থেকেই পলাতক।

মামলাটিতে খালেদা জিয়াসহ অপর আসামিদের বিরুদ্ধে ২০১৪ সালের ১৯ মার্চ তৎকালীন বিচারক বাসুদেব রায় অভিযোগ গঠন করেন।