জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলার রায় খালেদা জিয়াকে পড়ে শোনানো হয়েছে

নিজস্ব প্রতিবেদক: জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতির মামলায় সাত বছরের কারাদণ্ড পাওয়া বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে রায় পড়ে শোনানো হয়েছে।

কারাবিধি অনুযায়ী রায়ের কাগজপত্র হাতে পাওয়ার পর সোমবার সন্ধ্যার দিকে কারা কর্তৃপক্ষ তাকে রায় পড়ে শোনায়।

ঢাকা কেন্দ্রীয় কারাগারের (কেরাণীগঞ্জ) জেলার মাহবুব আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতির মামলায় সোমবার খালেদা জিয়াকে সাত বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দেন রাজধানীর নাজিমউদ্দিন রোডের পুরনো কেন্দ্রীয় কারাগারে অবস্থিত ঢাকার ৫ নম্বর অস্থায়ী বিশেষ জজ ড. মো. আখতারুজ্জামান।

রায়ে সাত বছরের কারাদণ্ড ছাড়াও খালেদা জিয়াকে ১০ লাখ জরিমানা কার হয়। জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।

মামলার অপর তিন আসামিকেও সাত বছরের কারাদণ্ডসহ প্রত্যেককে ১০ লাখ জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেন আদালত। এ ছাড়া ট্রাস্টের নামে কেনা ৪২ কাঠা জমি বাজেয়াপ্ত করে তা রাষ্ট্রের অনুকূলে নেয়ার আদেশ দেয়া হয়েছে।