কুড়িগ্রাম প্রতিনিধি : কুড়িগ্রামে ধর্মান্তরিত খ্রিস্টান হোসেন আলী হত্যাকাণ্ডে বিস্ফোরকদ্রব্য মামলায় জেএমবির দুই সদস্যের উপস্থিতিতে আজ সোমবার দুপুরে জেলা জজ আদালতে শুনানি অনুষ্ঠিত হয়েছে।
কড়া পুলিশি নিরাপত্তায় মামলার প্রধান আসামি জামা’আতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) অন্যতম সদস্য রাজীবগান্ধী ও গোলাম রব্বানীকে আদালতে হাজির করা হয়। রাজীবগান্ধী হলি আর্টিজানে জঙ্গি হামলা ও শোলাকিয়া ঈদগাও ময়দানে পুলিশের উপর হামলা মামলার আসামি।
কুড়িগ্রাম জেলা ও দায়রা জজ ও এইচ এম ইলিয়াস হোসাইনের আদালতে শুনানি অনুষ্ঠিত হয়। শুনানির পরবর্তী তারিখ আগামী ৩০ আগস্ট নির্ধারণ করা হয়েছে।
২০১৬ সালের ২২ মার্চ কুড়িগ্রাম সদরের গাড়িয়াল পাড়া এলাকায় নিজ বাড়ির সামনে কুপিয়ে হত্যা করা হয় মুক্তিযোদ্ধা হোসেন আলীকে। এ সময় হত্যাকারীরা বোমার বিস্ফোরণ ঘটিয়ে মোটরসাইকেলযোগে পালিয়ে যান। এ ঘটনায় হত্যা ও বিস্ফোরক আইনে দুটি মামলা হয়।
মামলায় সাত আসামির মধ্যে চার আসামি পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হয়েছে। এক আসামি পলাতক রয়েছে।
রাজীবগান্ধী গাইবান্ধার সাঘাটার ভুতমারা বোনারপাড়া গ্রামের ওসমান মোল্ল্যার ছেলে এবং গোলাম রব্বানী কুড়িগ্রামের রাজারহাট উপজেলার ঘুমারু ভিমসীতোলা গ্রামের সাইফুল ইসলামের ছেলে। পলাতক জেএমবি সদস্য রিয়াজুল ইসলাম কুড়িগ্রামের রাজারহাট উপজেলার তালুক নাককাটির একতীরের আড়া গ্রামের নুর হোসেন ব্যাপারীর ছেলে।


