জোড়া খুনের ঘটনায় দায়ের হওয়া মামলার রায় আজ ঘোষণা

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর ইস্কাটনে জোড়া খুনের ঘটনায় দায়ের হওয়া মামলার রায় আজ ঘোষণা করা হবে। এ মামলার আসামি সংসদ সদস্য পিনু খানের ছেলে বখতিয়ার আলম রনি।

ঢাকার প্রথম অতিরিক্ত মহানগর দায়রা জজ মো. আল মামুন মঙ্গলবার এ রায় ঘোষণা করবেন। গত ১০ এপ্রিল যুক্তিতর্ক উপস্থাপন শেষে রায়ের জন্য এ তারিখ ঠিক করেন আদালত।

রাষ্ট্রপক্ষে অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর আব্দুস সাত্তার দুলাল আসামির সর্বোচ্চ শাস্তি মৃত্যু প্রত্যাশা করছেন। আর আসামিপক্ষের আইনজীবী ঢাকা বারের প্রাক্তন সভাপতি কাজী নজিবুল্লাহ হিরু আশা করছেন রনি খালাস পাবেন।

উল্লেখ্য, ২০১৫ সালের ১৩ এপ্রিল রাত পৌনে ২টার দিকে রাজধানীর নিউ ইস্কাটনে একটি কালো রঙের প্রাডো গাড়ি থেকে এলোপাতাড়ি গুলি ছুড়লে অটোরিকশাচালক ইয়াকুব আলী ও রিকশাচালক আবদুল হাকিম আহত হন। পরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান। এ ঘটনায় নিহত হাকিমের মা মনোয়ারা বেগম অজ্ঞাত পরিচয় কয়েকজনকে আসামি করে রমনা থানায় ১৫ এপ্রিল একটি হত্যা মামলা দায়ের করেন।

ওই বছরের ৩০ মে এলিফ্যান্ট রোডের বাসা থেকে এই ঘটনায় জড়িত থাকার সন্দেহে বখতিয়ার আলম রনিকে আটক করে ডিবি পুলিশ। এরপর থেকে তিনি কারাগারেই রয়েছেন।

মামলাটিতে ২০১৫ সালের ২১ জুলাই ডিবি পুলিশের এসআই দীপক কুমার দাস রনির বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন। গত বছর ৬ মার্চ মামলাটিতে এ আসামির অব্যাহতির আবেদন নাকচ করে আদালত চার্জগঠন করেন।