জ্বালানি সংকট আরও তীব্র হওয়ার আশঙ্কা জামায়াত আমিরের

মধ্যপ্রাচ্যে যুদ্ধ বন্ধ করে শান্তিপূর্ণ সমাধান খুঁজে বের করার জন্য সব পক্ষকে আহ্বান জানিয়েছেন জামায়াত আমির ও সংসদের বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান।

শুক্রবার (২৭ মার্চ) সকালে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তার ভেরিফায়েড আইডির এক পোস্টে তিনি এই আহ্বান জানান।

জামায়াত আমির বলেন, ইরানে সম্প্রতি আক্রমণ ও পাল্টা আক্রমণের কারণে এ অঞ্চলে যে ভয়াবহ অবস্থার উদ্ভব ঘটেছে, তা ইতোমধ্যেই বিপুল সংখ্যক মানুষের প্রাণহানি এবং বড় ধরনের ক্ষয়ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে। যুদ্ধের এই ভয়াবহতা শুধু সংশ্লিষ্ট অঞ্চলকেই নয়, গোটা বিশ্বকে আতঙ্কগ্রস্ত করে তুলেছে। কার্যত এ যুদ্ধাবস্থার কারণে সারা বিশ্বের অর্থনীতি ও জ্বালানিপ্রবাহ মারাত্মক ঝুঁকির মুখে পড়েছে। বাংলাদেশও এর বাইরে নয়।

তিনি বলেন, জ্বালানি সংকটকে কেন্দ্র করে ইতোমধ্যেই জনজীবনে দারুণ সমস্যা তৈরি হয়েছে। কয়েকদিন ঈদ ও রোজা উপলক্ষে দীর্ঘ ছুটির পর আগামী ২৯ মার্চ থেকে অফিস-আদালত, কলকারখানাসহ যাবতীয় বিষয় পূর্ণরূপে কার্যকারিতায় আসবে। সে ক্ষেত্রে সংকট আরও মারাত্মকভাবে দেখা দেওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। জ্বালানি সংগ্রহের জন্য ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করতে হচ্ছে। এক বিরক্তিকর ভোগান্তির মুখে পড়েছে জনগণ।

জ্বালানি সংকট যান চলাচল, বিদ্যুৎ সরবরাহ, কলকারখানা, কৃষি ও উৎপাদনমূলক সকল কাজে নেতিবাচক প্রভাব ফেলবে বলেও আশঙ্কা প্রকাশ করেন তিনি।

জামায়াত আমির বলেন, এ অবস্থায় আমরা যুদ্ধের সঙ্গে সম্পৃক্ত সকল পক্ষকে এই মুহূর্তে যুদ্ধ বন্ধ করে, কোনো সমস্যা থাকলে তা শান্তিপূর্ণ উপায়ে সমাধানের পথ খুঁজে বের করার আহ্বান জানাচ্ছি।

জামায়াত আমির আরও বলেন, মনে রাখবেন, আপনাদের এই যুদ্ধের দাবানল বিশ্বের শতশত কোটি মানুষের যন্ত্রণা ও দুঃখের কারণ হয়ে দাঁড়িয়েছে। দয়া করে বিশ্ববাসীকে আর কষ্ট দেবেন না।