ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ওমেদপুর ইউনিয়নের খড়িবাড়িয়া গ্রামে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন আরও ৪ জন।
শনিবার (২৮ মার্চ) দুপুর ১২টার দিকে খড়িবাড়িয়া গ্রামের মাঠে এ ঘটনা ঘটে।
হতাহতের খবর নিশ্চিত করেছেন শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আল মামুন।
মৃতরা হলেন- খড়িবাড়ি গ্রামের প্রকাশ বিশ্বাসের ছেলে অপু (২২), সুনিল বিশ্বাসের ছেলে সমির (৪০)।
গুরুতর আহতদের মধ্যে রনজিৎকে (৭০) শৈলকুপা ও অন্য তিনজনকে ঝিনাইদহ সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা।
প্রাথমিকভাবে জানা গেছে, হতাহতরা সকালে মাঠে পেয়াজখেতে কাজ করতে যান। দুপুর ১২টার দিকে হঠাৎ ঝড়ো বাতাসসহ বজ্রপাত শুরু হয়। এ সময় আহত হন ৬ জন। তাদের উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন।


