অমল ঘোষ, টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি : টঙ্গীতে গত শুক্রবার রাত সাড়ে ১১ টায় দাওয়াত খেয়ে অটোরিক্সা যোগে বাড়ি ফেরার পথে স্থানীয় হিমারদিঘিস্থ হক ফ্যাক্টরীর মোড়ে এক কিশোরী (১৫) পালাক্রমে গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে নয়ন (২২), সাহাবুদ্দিন (২০), তোফাজ্জল হোসেন (১৯) ও বাবু মন্ডল ( ১৮) নামে ৪ যুবককে গ্রেফতার করেছে টঙ্গী পূর্ব থানা পুলিশ।
মামলা সূত্রে জানা যায়, ওই কিশোরী টঙ্গী বাজারের লাকি বিউটি পার্লারের কর্মচারী। গত শুক্রবার সন্ধ্যায় সে তার প্রতিবেশী ছোট ভাই মো. আলমকে (১২) কে সঙ্গে নিয়ে ওই পার্লার মালিকের চেরাগআলী এলাকার বাসায় দাওয়াত খেয়ে যায়। রাত সোয়া ১১ টার দিকে সে ও তার ওই ছোট ভাই অটোরিক্সা যোগে পূর্ব আরিচপুরের নিজ বাসার উদ্দেশ্যে রওয়ানা করে। তাদের বহনকৃত অটোরিক্সা নিটল টাটা ফ্যাক্টরীর সামনে পৌছলে ওই ৪ যুবক তাদের রিক্সাটির গতিরোধ করে।
এ সময় দুর্বৃত্তরা কিশোরকে জোরপূর্বক টানা হেচঁড়া করে রিক্সা থেকে নামিয়ে নিটল টাটা ফ্যাক্টরী ও এ্যকুয়া পেইন্ট কারখানার মধ্যবর্তী স্থানে পার্কিং করা একটি ট্রাকের উপর তুলে নেয়। এসময় কিশোরীর সাথে থাকা প্রতিবেশী ছোট ভাই মো. আলম বাধা দিতে গেলে তাকে জিম্মি করে এবং তার চোখের সামনে পালাক্রমে ধর্ষণ করতে থাকে ধর্ষকরা। এরই ফাঁকে অটোরিক্সার ড্রাইভার শামিম কৌশলে পালিয়ে গিয়ে টঙ্গী পূর্ব থানায় বিষয়টি অবহিত করে। খবর পেয়ে টঙ্গী পূর্ব থানার ওসি তদন্ত মো. জাহিদুল ইসলামের নেতৃত্বে এক দল পুলিশ দ্রæত ঘটনাস্থলে পৌছে এবং ঘটনাস্থল থেকে ধর্ষিতা ও তার ভাইকে উদ্ধার করে। এ সময় হাতেনাতে ধর্ষণ ঘটনায় জড়িত ওই ৪ যুবককে গ্রেফতার করে পুলিশ।
তাদের গ্রামের বাড়ি : মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর থানার সদরামপুর গ্রামের মৃত খোরশেদ আলমের ছেলে নয়ন। বরিশাল জেলার বাবুগঞ্জ থানার দক্ষিন বুতুলিয়া মাতব্বর বাড়ির মৃত আক্কাছের ছেলে শাহাবুদ্দিন। জামালপুর জেলার বকশিগঞ্জ থানার জিন্নাবাজার গ্রামের মৃত বিল্লাল মন্ডলের ছেলে বাবু মন্ডল আর ময়মনসিংহ জেলার গৌরীপুর থানার কান্দাপাড়া গ্রামের আবুল হোসেনের ছেলে তোফাজ্জল হোসেন এবং তারা সবাই পরিবহন শ্রমিক বলে জানা গেছে। এ ঘটনায় গতকাল শনিবার ধর্ষিতার বাবা মো. ইব্রাহিম মিয়া বাদী হয়ে টঙ্গী পূর্ব থানায় সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করে। পুলিশ গ্রেফতারকৃদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
ধর্ষিতার দরিদ্র বাবা মো. ইব্রাহিম মিয়া জানায়, মানিকগঞ্জ জেলার সদর থানাধীন গুপ্তা কৃষ্ণনগর তার বাড়ি। সে দীর্ঘদিন যাবৎ টঙ্গীর আরিচপুরস্থ কাউন্সিলর শাহ আলম রিপনের বাড়িতে ৪ কন্যা ও স্ত্রীকে নিয়ে ভাড়া থেকে বাবুর্চির কাজ করে আসছে। তিনি এঘটনার সাথে জড়িতদের শাস্তিমূলক বিচার দাবী করেন।
এ বিষয়ে যোগাযোগ করা হলে টঙ্গী পূর্ব থানা ওসি তদন্ত মো. জাহিদুল ইসলাম জানান, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। গ্রেফতার হওয়া ৪ যুবক প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছে। এঘটনার প্রত্যক্ষদর্শী সাক্ষীও রয়েছে। গ্রেফতারকৃতদের আদালতে এবং ধর্ষিতাকে ডাক্তারী পরীক্ষার জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।


