টঙ্গীতে গৃহবধুকে হত্যার অভিযোগ; স্বামী পলাতক

অমল ঘোষ, টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি: টঙ্গীর খৈরতুল পুর্বপাড়া এলাকায় গতকাল সোমবার রাতে স্বামীর নির্যাতনের শিকার মাহমুদা আক্তার হীরা (২৭) নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তবে নিহতের পরিবারের দাবী, মাহমুদাকে নির্যাতন করে মেরে ফ্যানের সঙ্গে ঝুলিয়ে রেখেছে তার স্বামী কামরুল হাসান রাসেল। ঘটনার পর স্বামী পলাতক রয়েছে। নিহত মাহমুদা নোয়াখালী জেলার সোনাইমুড়ি উপজেলার সোনাপুর গ্রামের মো. হানিফ মিয়ার মেয়ে।

নিহতের বোন ফাতেমা আক্তার জানান, বেশ কয়েক বছর পূর্বে রাসেলের সাথে হীরার বিয়ে হয়। বিয়ের কিছু দিন পর থেকে স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক বিভিন্ন খুঁটিনাটি বিষয় নিয়ে প্রায় ঝগড়া-বিবাদ হতো। এসময় মাহমুদাকে মরধর করতো তার স্বামী রাসেল। পরে কামরুল বিদেশ চলে যায়। গত কয়েকমাস পূর্বে বিদেশ থেকে ছুটিতে বাড়িতে আসে সে। আসার পর থেকে স্বামী স্ত্রীর মধ্যে বিভিন্ন বাহানায় পূনরায় ঝগড়া-বিবাদ শুরু হয়। এতে উভয়ের মধ্যে প্রতিনিয়ত মারামারি হতো।

গত রোববার রাতে তাদের মধ্যে আবার ঝগড়া হওয়ার এক পর্যায়ে কামরুল তার স্ত্রী মাহমুদাকে এলাপাতাড়ি মারধর করে। পরে সোমবার সকালে তাদের কোন সাড়া শব্দ না পেয়ে পরিবারের লোকজন ঘরের জানালা দিয়ে উঁকি দিয়ে ঘরের ভেতরে মাহমুদাকে ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় দেখা যায়। ঘটনার পর থেকে স্বামী পলাতক রয়েছে। খবর পেয়ে টঙ্গী পশ্চিম থানা পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করেন।

এ বিষয়ে যোগাযোগ করা হলে টঙ্গী পশ্চিম থানার পরিদর্শক (তদন্ত) মো. দেলোয়ার হোসনে জানান, লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।