অমল ঘোষ, টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি : টঙ্গীতে সানজিদা আক্তার সাথী (১৮) নামের এক পোশাক শ্রমিক প্রেমিকের সাথে অভিমান করে প্রেমিককে চিরকুট লিখে আত্মহত্যা করেছে। গতকাল বুধবার সকালে পাগাড় মদিনা পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সাথী শেরপুর জেলার নকলা থানার বারই কান্দি গ্রামের ছামিদুল মিয়ার মেয়ে। সে বিসিকের প্যাট্রিয়ট ইকো এপ্যারেলস নামের একটি পোষাক কারখানায় চাকরি করতো।
পুলিশ জানায়, ওই এলাকার কাইয়ুমের বাড়ির ভাড়া বাসায় বসবাস করে সাথী প্যাট্রিয়ট ইকো এপ্যারেলস পোষাক কারখানায় চাকরি করতো। সকাল ৭টার দিকে পুলিশ খবর পেয়ে মদিনা পাড়া এলাকার উল্লেখিত এলাকার বাড়ি থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। পুলিশ এ সময় আত্মহননকারীর বাসায় একটি চিরকুট খুঁজে পায়। চিরকুটে সাথী তার প্রেমিক স্বপনকে উদ্দেশ্য করে লিখেছিলো, আমি তোমাকে অনেক ভালোবাসি।
গতকাল তোমার বড় ভাই আমাকে জানায় তুমি আমাকে রেখে অন্যত্র বিয়ে করছো। তোমার সাথে যোগাযোগ করলে তুমি বিরক্ত বোধ করো, হয়ত তোমাকে ভালোবাসা আমার ভূল ছিলো। তোমাকে বিশ্বাস করে আমি সর্বস্ব্য হারিয়েছি। তাই আর বেঁচে থাকার ইচ্ছে নেই। কাল থেকে আমাকে হয়ত আর পাবে না। আমি মৃত্যুর পথ বেছে নিলাম। আমাকে ক্ষমা করে দিও। বিভিন্ন সূত্রে জানা যায়, সাথীর ইতিপূর্বে বিয়ে হয়েছিলো, গত ২ বছর পূর্বে স্বামীর সাথে তার ছাড়াছাড়ি হয়ে যাওয়ার পর ৫/৬ মাস যাবৎ স্বপনের সাথে তার সর্ম্পক গড়ে উঠে।
টঙ্গী পুর্ব থানার অফিসার্স ইনচার্জ মো.কামাল হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এব্যাপারে মামলা হয়েছে।


