টঙ্গীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরএফএল কর্মকর্তা খুন

অমল ঘোষ, টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি :টঙ্গীর কলেজ গেট বাসষ্ট্যান্ড এলাকায় ছিনতাইকারীদের ছুরিকাঘাতে আরএফএলের সিলেট জেলার জোনাল ম্যানাজার কামরুল ইসলাম (৩৫) খুন হয়েছেন। গতকাল শনিবার ভোরে সাড়ে ৩টায় এ ঘটনা ঘটে। পুলিশ লাশ উদ্ধার করে মর্গে প্রেরন করেন। কামরুল নাটোর জেলা সদরের শ্রীকৃষ্ণপুর গ্রামের আবুল কাশেমের ছেলে।

পুলিশ জানায়, গত বৃহস্প্রতিবার আরএফএলের ওই কর্মকর্তা এক দিনের ছুটি নিয়ে গ্রামের বাড়ি শ্রীকৃষ্ণপুরে যায়। গতকাল শনিবার ঢাকার উত্তর বাড্ডায় অবস্থিত কোম্পানীর প্রধান কার্যালয়ে ন্যাশনাল মিটিং এ যোগ দেয়ার উদ্দেশ্যে নাটোর থেকে বাসেযোগে উত্তরার আব্দুল্লাহপুর পৌছে। পরে টঙ্গীতে বসবাসরত কোম্পানীর অন্য কর্মকর্তাদের সাথে দেখা করার উদ্দেশ্যে টঙ্গী কলেজ গেটে ভোর সাড়ে ৩টায় পৌছায়।

এ সময় একদল ছিনতাইকারী কামরুলকে দেশীয় ধারালো অস্ত্রের মুখে জিম্মি করে ফেলে। দূর্বৃত্তরা তার ডান পায়ের হাটুর ওপরে চুরি দিয়ে আঘাত করে গুরুতর আহত করার পর তার সর্বস্য লুটে নিয়ে সটকে পড়ে। বিষয়টি টের পেয়ে পথচারিরা তাকে উদ্ধার করে টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাষ্টার জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

অতিরিক্ত রক্ত ক্ষরণজনিত কারনে তার মৃত’্য হয়েছে বলে চিকিৎসক জানান। ঘটনাটি উল্লেখিত এলাকার সিসি ক্যামেরা ফুটেজে রক্ষিত আছে। পরে টঙ্গী পূর্ব থানা পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজ উদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করে। এ ঘটনায় থানায় সংশ্লিষ্ট আইনে মামলা হয়েছে।