টঙ্গীতে ছিনতাইকালে ছুরিকাঘাতে নিহত ১

খুন

জেলা প্রতিবেদকঃ গাজীপুরের টঙ্গী রেলওয়ে স্টেশন এলাকায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে ইয়াসিন মিয়া নামে এক যুবক নিহত হয়েছেন।

সোমবার ভোর ৫টার দিকে এ ঘটনা ঘটে। ইয়াসিন ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ থানার তালশহর গ্রামের হায়েস মিয়ার ছেলে।

নিহত ইয়াসিনের পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, ইয়াসিন সিঙ্গাপুর যাওয়ার জন্য টাকা জমা দিয়েছিলেন। তিনি টঙ্গীতে একটি দোকানে ওয়ারিংয়ের কাজ করতেন।

ভোরে ইয়াসিন কাজে যাওয়ার উদ্দেশ্যে রওনা হন। রেলগেট এলাকায় আসলে হঠাৎ ছিনতাইকারীরা তার মোবাইল ফোন মানিব্যাগ ছিনিয়ে নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। ইয়াসিন তাদের ধরতে পেছনে দৌড়ায়। এসময় ছিনতাইকারীরা তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।

গুরুতর আহত ইয়াসিন মিয়াকে স্থানীয় এক রিকশাচালক উদ্ধার করে টঙ্গী সরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।