টঙ্গীতে টাম্পাকো অগ্নিকাণ্ডের মামলা চলবে : স্বরাষ্ট্রমন্ত্রী

অমল ঘোষ ,টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি : স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, টাম্পাকো অগ্নিকাণ্ডে দায়ের করা মামলা নিজ গতীতেই চলবে। কারখানায় সংগঠিত অগ্নিকান্ডে হতাহতের ঘটনায় পুলিশ একটি তদন্ত রিপোর্ট দিয়েছে, পাশাপাশি পৃথক আরেকটি তদন্ত হয়েছে। সবগুলো তদন্তই সমাপ্ত হয়েছে। এ ঘটনায় যথাযোগ্যভাবেই বিচারকার্য শেষ হবে।
গতকাল বুধবার দুপুরে গাজীপুরের টঙ্গীতে টাম্পাকো ফয়লস কারখানার নতুন ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন।
গত বছরের ১০ সেপ্টেম্বর টাম্পাকো ফয়লস কারখানায় দুর্ঘনায় ৪১ জন প্রাণ হারান। এ ঘটনায় পুলিশ ও নিহতের স্বজনদের পক্ষ থেকে দুটি মামলা দায়ের করা হয়।
টাম্পাকো গ্র“পের চেয়ারম্যান ড. সৈয়দ মকবুল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য জাহিদ আহসান রাসেল, মহানগর আওয়ামীলীগের সভাপতি এড. আজমত উল্লাহ খান, জিসিসির প্যানেল মেয়র আসাদুর রহমান কিরণ, জেলার পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশীদ, টাম্পাকো গ্র“পের ব্যবস্থাপনা পরিচালক সাফিউস সামী আলমগীরসহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
আয়োজকরা জানান, নতুন ভবনটি গ্রিন ফ্যাক্টরীর মডেল অনুসারে একটি আদর্শ কারখানারূপে আত্মপ্রকাশ করতে যাচ্ছে। এর বার্ষিক উৎপাদন ক্ষমতা ১৮ হাজার ৫০০ মেট্রিক টন। প্যাকেজিং খাতে এটি একটি সর্বাধুনিক কারখানা হবে। প্রস্তাবিত কারখানাটি থেকে ১৫০ কোটি টাকা সরকারের রাজস্ব খাতে জমা হবে এবং অন্তত ৫০০ জন শ্রমিকের প্রত্যক্ষ কর্মসংস্থান হবে।